মালয়েশিয়ার কারাগারে ২ মাস যাবত্ বন্দী উখিয়ার এক যুবক

উখিয়ার উপকূলীয় এলাকার হতভাগ্য এক যুবক খাইরুল আমিন (২১) প্রায় ২ মাস যাবত্ মালয়েশিয়ার কারাগারে অসুস্থ অবস্থায় মানবেতর দিন যাপন করছেন। পরিবারের অভিযোগ, গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় মাছ ধরার জন্য রূপপতি উপকূলে আসলে সংঘবদ্ধ দালাল চক্র জোরপূর্বক তাকে ট্রলারে তুলে দেয়। পরে মালয়েশিয়ায় এক নির্জন স্থানে তাকে আটকে রেখে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা দিতে ব্যর্থ হওয়ায় দালাল চক্র তাকে মালয়েশিয়া পুলিশের হাতে তুলে দেয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে জালিয়াপালং ইউনিয়নের রুপপতি গ্রামের ফরিদ আলমের ছেলে। কয়েকদিন আগে কারারক্ষীর মুঠোফোনে মালয়েশিয়ার কারাগার থেকে তার অসুস্থতার কথা জানালে পরিবারে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তার বয়োবৃদ্ধ মা মনোয়ারা বেগম (৫৫) জানান, সংসারের উপার্জনক্ষম আর কেউ না থাকায় গোটা পরিবার অভাব, অনটনে জর্জরিত। আর্থিক সামর্থ্য না থাকায় তারা খাইরুল আমিনকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।