ভেজাল কীটনাশক প্রয়োগ করায় টমেটোতে পচন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২১:২২
রামগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫০ একর আবাদি জমির টমেটোর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। রাঘাবপুর, শ্রীরামপুর, সোন্দড়া, চন্ডিপুর, বাঁশঘরসহ বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক সর্বস্বান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে তিনমাস পূর্বে রামগঞ্জ শহরের হেদায়েত এন্ড ব্রাদার্স ও সোনাপুর বাজারের নুর বীজ ভান্ডার থেকে তারা সিনজেনটা বাংলাদেশ লিঃ-এর টমেটো বীজ সংগ্রহ করেন।
বীজ সংগ্রহের পর থেকে কৃষি কর্মকর্তাদের সহায়তায় চাষ শুরু করেন। পোকা-মাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষার জন্য কৃষি উপ-সহকারী কর্মকর্তা কৃষ্ণ মঙ্গল দাশের পরামর্শে কৃষকরা টমেটোর জমিতে রিডোমিল গোল্ড কীটনাশক প্রয়োগ করেন। কীটনাশক প্রয়োগের ২/১ দিন পরে কাঁচা টমেটোতে পচন ধরে এবং গাছ জ্বলে যায়। এ ব্যাপারে সিনজেনটা বাংলাদেশ লিঃ-এর সেলস্ অফিসার মোতালেব হায়দার জানান- আমি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা চেয়েছি। তালিকা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।