সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২১:২৪
সুনামগঞ্জে ইনস্পিয়ার নিউ
জেনারেশনের ওয়ার্কশপ
সুনামগঞ্জ প্রতিনিধি \ তরুণ প্রজন্মকে তথ্য-প্রযুক্তিতে কর্মদক্ষ করে তোলার প্রক্রিয়াকে বেগবান করে বেকারত্ব সমস্যার বিকল্প সমাধানকল্পে “ইনস্পিয়ার নিউ জেনারেশন” দেশব্যাপী কলেজভিত্তিক মটিভেশনাল আউটসোর্সিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। গত শনিবার এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এসময় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, অধ্যক্ষ মেজর ছয়ফুল কবির চৌধুরী প্রমুখ।
নন্দীগ্রামে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে ইনডোর গেমস মেলাকে কেন্দ্র করে জুয়াড়ুদের সাথে স্থানীয় জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েল ফেয়ার ক্লাবের উদ্যোগে চলমান ইনডোর গেমস মেলায় জুয়া চলছিল। এ সময় স্থানীয় জনতা মেলা কর্তৃপক্ষকে জুয়া চালাতে নিষেধ করলে দু’পক্ষের মধ্যে এক পর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পর স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। এ সময় মেলা কর্তৃপক্ষের ৩০/৩৫ জনের ক্যাডার বাহিনী তাদের উপর পাল্টা আক্রমণ করে। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রানীশংকৈল ভন্ডগ্রাম হাইস্কুলে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম হাইস্কুলে গত শনিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তসলিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আইনুল হক, বর্তমান উপজেলা চেয়ারম্যান সইদুল হক ও পুনঃনির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন তসলিমউদ্দিন আহমেদ। স্মারকলিপি পাঠ করেন প্রধান শিক্ষক শামসুল হক।
তারাগঞ্জে আশার দল
নেত্রীদের প্রশিক্ষণ
তারাগঞ্জ (রংপুর) সংবাদদতা \ গত শনিবার আশা-রংপুরের তারাগঞ্জ-০২ ব্র্যাঞ্চের দলীয় নেত্রীদের নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণের ১ম পর্বে ২৫টি দলের ২৫ জন দলীয় নেত্রীদের নিয়ে দলের বিদ্যমান সমস্যা, দলীয় শৃঙ্খলা, ভাল নেতার গুণাবলি, দলীয় নীতিমালা, গ্রাহকদের অধিকার ও কর্তব্য, সংস্থার সুযোগ-সুবিধা এবং সঞ্চয় ও ঋণ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লি¬ষ্ট অঞ্চলের আর.এম মোঃ শফিকুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করেন অত্র ব্র্যাঞ্চের বি.এম মোঃ আনোয়ার হোসেন।
বিষয়ের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরায় পাঁচ স্কুল-কলেজে
ক্রীড়া প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় একই দিনে পাঁচ স্কুল-কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়, রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ ও শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এতে উপস্থিত ছিলেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জোবেদা খাতুন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইউনূছ আলী ভুইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন প্রমুখ।
রাবিতে প্রথম বর্ষের
ক্লাস শুরু
রাবি (রাজশাহী) সংবাদদাতা \ দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্যাম্পাস খোলার প্রথমদিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ সোমবার থেকে । প্রতিবছর জানুয়ারিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও এবার হরতাল অবরোধের কারণে ভর্তি পরীক্ষা কয়েকদফা পিছিয়ে যাওয়ায় এবং বর্ধিত ফি ও সান্ধ্যে কোর্সবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশের কারণে ভর্তি প্রক্রিয়া ধীরগতিতে হওয়ায় এবার প্রায় সাড়ে তিনমাস পর ক্লাস শুরু হচ্ছে।
জানা যায়, গত ২২ থেকে ২৭ জানুয়ারি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কার্যক্রম শুরু হয়ে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। এবার আটটি অনুষদের অধীনে ৪৯টি বিভাগে মোট তিন হাজার ৬০১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
আজ চৌহালীর বাগুটিয়া
ইউপির উপ-নির্বাচন
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ আজ ১০ মার্চ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাগুটিয়া ইউপির উপ-নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২ জন এবং বিএনপির ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল কাহহার সিদ্দিকী (তালা), একই দলের আব্দুল হক (দোয়াত-কলম), বিএনপির আনিছ শিকদার (কাপ-পিরিজ) এর মধ্যে। এছাড়া বিএনপির ছমের জালাল ওরফে রাজ্জাক (আনারস) এবং একই দলের শুকুর মাহমুদ (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান চৌহালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান লালমিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
ভালুকায় জিয়া পরিষদের মানববন্ধন
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভালুকা উপজেলা সভাপতি ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চুর মুক্তির দাবিতে গত শনিবার উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে প্রায় ১ ঘন্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন সাবেক পৌর মেয়র মফিজউদ্দিন সরকার, আবুল হাশেম, আলহাজ্ব গিয়াসউদ্দিন আহম্মেদ, আহসানউল্লাহ খান রুবেল, অধ্যাপক মাহবুবুর রহমান, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, অধ্যাপক আনোয়ার হোসেন,সাইফুল ইসলাম খান প্রমুখ ।
আত্রাইয়ে ডায়াবেটিকস
সমিতি উদ্বোধন
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর আত্রাইয়ে ডায়াবেটিকস সমিতির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার আত্রাই বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধি আশ্রম) কর্তৃক আয়োজিত আত্রাই ডায়াবেটিকস সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। সংস্থার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা প্রমুখ।
মিরপুরে নারী
দিবসের মেলা
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে গত শনিবার থেকে ২ দিনব্যাপী প্রথম নারীমেলা-২০১৪ শুরু হয়েছে। নারীমেলায় ১টি সরকারি ও ৭টি বেসরকারি সংস্থা মিলে ৮ স্টল অংশ নিয়েছে। স্টল ৮টি হলোঃ উপজেলা মহিলাবিষয়ক, গড়াই স্টুডেন্টস ফোরাম, ব্র্যাক, দিশা, সাফ, সোনার বাংলা মহিলা সংস্থা, প্রভাতী ও স্বার্থক সংস্থা।
পীরগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের
মাল্টিমিডিয়া পরিচালনা প্রশিক্ষণ
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের আইসিটি স্কিল ও মাল্টিমিডিয় ক্লাসরুম পরিচালনা বিষয়ক ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, কছিমন নেছা বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান মিলন।
শ্রীপুরে নেতৃত্ব বিকাশ
প্রশিক্ষণ কর্মশালা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ স্বেচ্ছাসেবী সংগঠন আশা’র শ্রীপুর সদর ব্র্যাঞ্চের উদ্যোগে গত শনিবার দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫টি কেন্দ্রের ২৫ জন দলনেত্রীর অংশগ্রহণে কর্মশালায় দলের বিদ্যমান সমস্যা, দলীয় নীতিমালা নির্ধারণ, দলীয় শৃংঙ্খলা বজায় রেখে দল পরিচালনা, কমিটি গঠন ও ক্ষুদ্র ঋণ ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শ্রীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মজিবর রহমান ও শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুজ্জামান খান।
মহম্মদপুরে মাদকাসক্তি ও মানসিক
রোগ প্রতিরোধ কর্মশালা
মহম্মদপুর (উপজেলা) সংবাদদাতা \ মাগুরার মহম্মদপুরে ‘মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপী স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযান’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন প্রমুখ।
আদিতমারীতে নেতৃত্ব
বিকাশ শীর্ষক প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ বেসরকারি সংগঠন আশার আয়োজনে নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন শীর্ষক এক দিনের প্রশিক্ষণ গত শনিবার উপজেলার সাপ্টিবাড়ি ব্র্যাঞ্চ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ২৫ জন দলনেত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আশার শাখা ব্র্যাঞ্চ ম্যানেজার নাসিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার জেলা ম্যানেজার মোঃ মোশারফ হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোস্তফা কামাল।
ফেনীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের
সার্ভিস সেন্টার উদ্বোধন
পরশুরাম (ফেনী) সংবাদদাতা \ ফেনীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সার্ভিস সেন্টার উদ্বোধন করেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জালালুল আজিম। ফেনী সার্ভিস সেন্টারের ডিজিএম মাজাহারুল ইসলাম টিটুর সভাপতিত্বে ডিজিএম ইউসুফ মিয়া পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ।
উল্লাপাড়ায় নাজমুল হক দ্বিতীয়বার
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ২০১৪ শিক্ষাবর্ষে উল্লাপাড়ায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জ্ঞানের আলো ট্রাষ্ট কলেজ পর্যায়ে মুহাম্মদ নাজমুল হককে ২য় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছে। তিনি উল্লাপাড়া মার্চেন্টস্ পাইলট স্কুল ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। নাজমুল হক বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সংগীত শিল্পী। উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাসিক ৫০ পয়সা চাঁদার অর্থে পরিচালিত জ্ঞানের আলো ট্র্াস্ট থেকে প্রতিবছর সাহিত্য, গণিত ও তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।
ফুলবাড়িয়া মন্ডল বাড়ি উচ্চ
বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সম্পন্ন
গত বুধবার (ময়মনসিংহ) ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা কালিবাজাইল মন্ডল বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা সমিতি ঢাকা ও ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকা এর উপদেষ্টা ফেরদৌসি রহমান কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আবু তাহের। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা-এর নির্বাহী সভাপতি, ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকা এর উপদেষ্টা, ফুলবাড়িয়া সমিতি ঢাকা-এর প্রধান নির্বাহী উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহিফজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং দেওখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু, অধ্যক্ষ মাহমদুল হাসান আরিফ ও এনামুর রহমান রবি প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
দাগনভূঞায় শিক্ষার মান
উন্নয়নে ‘মা’ সমাবেশ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ ছাত্র-ছাত্রীর স্বাস্থ্য পরিচর্যা ও পড়ালেখার মান উন্নয়নে গতকাল রবিবার উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাহেরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান গনি, আনোয়ার হোসেন মেম্বার, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম বাবুল, মহিলা সদস্য আনোয়ারা বেগম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।