কালিগঞ্জে শক্ত অবস্থানে আওয়ামী লীগ বিদ্রোহী নিয়ে বিপাকে ১৯ দল

আগামী ১৫ মার্চ তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ১৪ দলীয় জোট থেকে আওয়ামী লীগ একক প্রার্থী ঘোষণা করেছে। অপরদিকে একাধিক প্রার্থী থাকায় ১৯ দলীয় জোট রয়েছে বিপাকে। ফলে এখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। চেয়ারম্যান পদে ১৪ দলীয় জোটে আনারস প্রতীক নিয়ে থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ১৯ দলীয় জোটে সমন্বয়হীনতার অভাবে দোয়াত কলম প্রতীক নিয়ে থানা বিএনপির সভাপতি অ্যাডঃ শেখ আব্দুস সাত্তার, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান মোটর সাইকেল প্রতীক নিয়ে, জেপির জেলা আহবায়ক বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাদাত্ হোসেন চিংড়ি মাছ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পাঁচজন প্রার্থীর মধ্যে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক যুবলীগের সেক্রেটারী সাইদ মেহেদী একক প্রার্থী। এছাড়া টিউবওয়েল প্রতীক নিয়ে ১৯ দলীয় জোটের থানা কৃষক দলের আহবায়ক মাস্টার শরিফুল আজাদ, বই প্রতীক নিয়ে থানা জামায়াতের যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুর রউফ, তালা প্রতীক নিয়ে সাবেক থানা জাতীয় পার্টির সভাপতি খান লতিফুর রহমান বাবলু এবং চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যবসায়ী শেখ আব্দুর হামিদ মাঠে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী রোজিনা পারভীনের পক্ষে সিদ্ধান্ত দিলেও বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের শাহিদা সুলতানা। এর মধ্যে ১৯ দলের সমর্থনে রোজিনা পারভীন পদ্মফুল, জেবুন্নাহার ফুটবল এবং শাহিদা সুলতানা কলস প্রতীক নিয়ে মাঠে আছেন। রাজহাঁস প্রতীক নিয়ে থানা জামায়াতের মহিলা আমির জয়নব পারভীন এবং বৈদ্যুিতক পাখা নিয়ে বিএনপির মহিলা সম্পাদিকা ডলি ইসলাম নির্বাচনী যুদ্ধে লড়ছেন।