নির্বাচনের টুকরো খবর

হোমনায় আওয়ামী লীগের বর্ধিত সভা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা শনিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী সিদ্দিকুর রহমান আবুল, সহ-সভাপতি নূরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারী আঃ মান্নান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মুহসিন সরকার প্রমুখ। ফরিদপুরে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফরিদপুর প্রতিনিধি \ দলীয় সমর্থকদের হয়রানি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার স্থানীয় ময়েজ মঞ্জিলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুল হাসান ভুঁইয়া পিংকু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন। কাঠালিয়ায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কর্মীসভা কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাঠালিয়ায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমন্বয় এক কর্মীসভা শনিবার কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের উপজেলা সভাপতি মোঃ ফারুক সিকদার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১(কাঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ বজলুল হক হারুন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মামুন, অধ্যক্ষ আবুল বশার বাদশা। বগুড়া সদরে জামায়াত প্রার্থীদের নাম ঘোষণা বগুড়া প্রতিনিধি \ ৩১ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আলমগীর হুসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন। তবে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে কোন প্রার্থী দেয়নি জামায়াত । কুমিল্লায় দুই প্রার্থীকে জরিমানা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে শনিবার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার এবং জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া বসরী জানান, চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আলোকসজ্জা, দেয়ালে পোস্টার লাগানো, খাদ্যদ্রব্য বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লংঘন করেন। বানারীপাড়ায় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এমপির ভোট প্রার্থনা বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন বরিশাল-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। শনিবার আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম ফারুককে সঙ্গে নিয়ে চাখার বাজারে গণসংযোগ কালে ভোটারদের কাছে দোয়াত-কলম প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডঃ মাওলাদ হোসেন সানা, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সৈয়দ মজিবুল ইসলাম টুকু। বড়াইগ্রামে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোর বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুন্নাফ খানকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। শৃংখলা ভঙ্গ করে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেয়া ও উনিশ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর কারণে শনিবার জেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক স্বাক্ষরিত বহিষ্কারাদেশ পত্র সূত্রে জানা যায়, সম্প্রতি বড়াইগ্রাম উপজেলা উনিশ দলীয় জোটের তৃণমূল প্রতিনিধি সভায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলম, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল হাকিম ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা দল সভানেত্রী হেলেনা বেগমকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। কলাপাড়ায় আচরণবিধি লংঘনের অভিযোগ কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা \ কলাপাড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু এ অভিযোগ করেছেন। শনিবার স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান কোক্কার নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। এছাড়া প্রতিদিন মোটর সাইকেল শো-ডাউন করার অভিযোগ করেন কোক্কার বিরুদ্ধে। কালীগঞ্জে আচরণবিধি লংঘনের অভিযোগ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদাদতা \ গাজীপুর কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন বিনাঅনুমতিতে শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উপজেলার হাসপাতাল সড়কে আজাদ কমিউনিটি সেন্টার মাঠে সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে প্রকাশ্যে মাইক ব্যবহার করে জনসভা করছেন। জনসভা চলাকালে সামনের সড়কে যানজটের সৃষ্টি হয়ে সাধারণ জনগণের চলাফেরায় বিঘ্ন ঘটে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনসভার ব্যাপারে কিছু জানেন না। চৌদ্দগ্রামে ১৯ দলীয় জোট প্রার্থীদের গণসংযোগ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা (দোয়াত-কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী ভিপি সাহাব উদ্দিন(তালা) ও রাহেনা বেগম (কলস) শনিবার বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন। উপজেলার সোনাপুর, বাতিসা, চাঁনকরা, চৌমুহনী, বারাইশ, খিরণশাল, রাজার বাজার, বাঙ্গালমুড়ি, দৌলবাড়ি, জামমুড়া, নোয়াবাজার, রামরায়গ্রাম ও গোমারবাড়ি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণায় মুখরিত ধামরাই ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ আসন্ন ধামরাই উপজলা নির্বাচনে বিএনপি’র অতন্দ্র প্রহরী, একাধিক হামলা-মামলার শিকার ও ত্যাগী ছাত্রদল নেতা সোহেল হায়দার চৌধুরী কবিরকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন না দেয়ায় তার প্রিয়, অনুগত নেতা-কর্মী ও সমর্থকরা অসন্তুষ্ট হয়। ফলে পরবর্তীতে দলীয় হাই কমান্ডের নির্দেশে পূর্বের প্রার্থী পরিবর্তন করে সোহেল হায়দার চৌধুরী কবিরকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠে এবং এলাকায় চাঞ্চল্য ফিরে আসে। অপরদিকে আ.লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী নিশাতুর রহমান হান্নানকে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। মোরেলগঞ্জে জাপা সমর্থিত প্রার্থীর অফিসে তালা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ আসন্ন উপজেলা নির্বাচনে জাপা সমর্থিত প্রার্থী সোমনাথ দের নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দেয়ার অভিযোগসহ অপর একটি নির্বাচনী অফিসের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমনাথ দের মোটরসাইকেল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সফিকুল রহমান লুলু সহকারী রিটার্নিং অফিসারের বরাবরে এ লিখিত অফিস দায়ের করেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত দোয়াত কলম মার্কার কতিপয় কর্মী ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন সোমনাথ দের নির্বাচনী অফিস থেকে কর্মীদের বের করে দিয়ে তালাবদ্ধ করে দেয়। ফুলবাড়ীয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্থাপনা ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। এ সময় আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করেন, জেলা রিটার্নিং অফিসার ড.শুভাস চন্দ্র বিশ্বাস। অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন, জেলা নির্বাচন অফিসার আলীমুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, ওসি আনোয়ার হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন। টেকেরহাটে প্রার্থী নেই তবুও ১০ হাজার ভোট টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ প্রার্থী নেই- তবুও প্রজাপতি মার্কা সর্বনিম্ন ১০ হাজার ভোট পেয়েছে। যদিও ভোটগুলো নষ্ট হিসাবে দেখানো হয়েছে। এমন ঘটনাই ঘটেছে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে। ২৭ ফেব্রুয়ারি রাজৈর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদা ইয়াসমীন পল্লবী পদ্মফুল ও লিতা কুদ্দুস কলস মার্কা পান। ব্যালট পেপারে অপেক্ষাকৃত ছোট এবং হালকা ছাপা পদ্মফুল মার্কা। তার নিচে পরবর্তী মার্কা সুস্পষ্ট প্রজাপতি (প্রার্থী নেই) মার্কা- যা দেখতে অনেকটা ফুলের মত। অনেক সাধারণ ভোটার মার্কা বিভ্রান্তিতে পড়ে প্রজাপতি মার্কায় ভোট দিয়েছেন। এমনকি অনেক শিক্ষিত ভোটারও এমন ভুলটি করে ফেলেছেন। ফলে প্রার্থী না থাকলেও এ প্রতীকে কমপক্ষে ১০ হাজার ভোট পড়েছে। বেড়ায় বিএনপি’র মতবিনিময় সভা বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনা বেড়ায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র একক প্রার্থী সমর্থনে পৌর কমিটি ও থানা কমিটির মধ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সভায় সবাই চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের পক্ষে এক হয়ে কাজ করার বিষয়ে একমত হয়। এই দল থেকে মনোনয়নপত্র জমাদানকারী অন্য দুইজন রইজ উদ্দিন আহমেদ এবং গোলাম নবী রতন ইতিমধ্যই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে একযোগে কাজ করার কথা জানিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। চৌদ্দগ্রামে আচরণবিধি লংঘনের অভিযোগ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন বলে এমন অভিযোগ করে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন আ’লীগ সমর্থিত প্রার্থীরা। বক্তব্যে উপজেলা আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান ভূঁইয়া হাসান বলেন, আ’লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচন কমিশন ঘোষিত সকল আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছে। কিন্তু নির্বাচনের শুরু থেকে ১৯ দলীয় জোটের প্রার্থীরা আচরণবিধি লংঘন করে সভা, সমাবেশ ও শোডাউন অব্যাহত রেখেছে। ভাঙ্গায় জনতার মুখোমুখি প্রার্থীরা ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল রোববার উপজেলা চাদনী সিনেমা হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে জনতার মুখোমুখি হন উপজেলা পরিষদ নির্বাচনী প্রার্থীরা। ১৫ মার্চ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সচেতন মহল এবং ভোটাররা সরাসরি প্রশ্ন করেন। “আমার ভোট আমি দেব-জেনে শুনে বুঝে দেব”— টিআইবি ও সনাকের এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানমালা শুরু হয়। এসময় উপস্থিত প্রার্থীরা তাদের স্ব-স্ব উত্তর দিলে পুলো হলরুমে এক অভাবনীয় পরিবেশ সৃষ্টি হয়। উজিরপুরে জমে উঠেছে নির্বাচন উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ মার্চ প্রার্থীরা প্রতীক প্রাপ্তির পরে মহা ধুমধামের মধ্যদিয়ে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকল প্রার্থীই রাতদিন খেটে ভোটারদের আত্মতৃপ্ত করার চেষ্টা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও ১৪ দল মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য। তিনি রবিবার কাকডাকা ভোর থেকে বামরাইল ও শোলক ইউনিয়নের প্রতিটি গ্রামে, হাটে-বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন। মদনে বিধি ভেঙ্গে মোটর সাইকেল শোভাযাত্রা মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ ২৩ মার্চ উপজেলা নির্বাচনে নেত্রকোনার মদন উপজেলার আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান বগি (মোটর সাইকেল) প্রতীক পেয়ে রবিবার ৪ শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি এই বিশাল হোন্ডা বহর নিয়ে উপজেলা সদর থেকে যাত্রা শুরু করে ইউনিয়নের দিকে শোভাযাত্রা করেন। এ সময় এলাকার প্রবীণ ভোটাররা নির্বাচন আচরণবিধি সম্পর্কে প্রার্থীরা অবগত আছেন কি না ব্যাপক আলোচনা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, রবিবার নির্বাচন আচরণবিধি সম্পর্কে সকল প্রার্থীর সঙ্গে আলোচনা করা হবে। পাকুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম রেনু উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। রবিবার তিনি উপজেলার বুরুদিয়া, মঠখোলা, এগারসিন্দুর, আঙ্গিয়াদী, মির্জাপুর, বাহাদিয়া এলাকার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা, কুশল ও মতবিনিময় করেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।