আবারো হারলো মেয়েরা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২১:৩২
টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচে জিতলেও এরপর থেকেই শুরু হয় হার। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে ১৬ রানে হারলো সালমা খাতুনের দল।
টস জিতে ভারতের প্রমীলারা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। ১০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৫ রান করতে পারে সালমারা। ফলে ভারত জয় পায় ১৬ রানে।
বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ সর্বোচ্চ ২১ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রাবন্তী নাউড়ু। এছাড়া দুটি করে উইকেট নেন জুলান গোস্বামী ও গহর সুলতানা। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শ্রাবন্তী নাউড়ু।
এর আগে, ব্যাট করতে নেমে শুরুতেই ভারত উইকেট হারায়। শূন্য রানে ভারতের লতিকা কুমারিকে ফেরান জাহানারা আলম। বোলিংয়ে এটাই দিনে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। তিন রানের মাথায় সেই উইকেট পতনের পর বাকিটা সময় বেশ ভালভাবেই পার করে সফরকারীরা।
কিন্তু এরপর আর কোনো উইকেটের পতন ঘটেনি ভারতের। মিথিলা রাজের ৫৫ এবং পুনাম রাউটের ৪২ রানে ভর করে ১ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে ভারতের নারীরা।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত
ভারত: ২০ ওভারে ১/১০১ (মিথিলা ৫৫, পুনম ৪২; জাহানারা ১/১২)
বাংলাদেশ: ২০ ওভারে ৮৫ অল আউট (রুমানা ২১, আয়েশা ১৮, সাজিদা ১৫, সালমা ১৫; শ্রাবন্তী ৪/৯, সুলতানা ২/১১, ঝুলন ২/১৪)
ফল: ভারত ১৬ রানে জয়ী।
ম্যাচ সেরা: শ্রাবন্তী নাইড়ু