ফেদেরার-শারাপোভাদের শুভ সূচনা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২১:৩৩
রজার ফেদেরার চলতি বছরে তার দুর্দান্ত ফর্মটা অব্যাহত রাখলেন ইন্ডিয়ান ওয়েলসেও। মাত্রই দুবাই ওপেনের শিরোপা জেতা এই সুইস বিএনপি পারিবাস ওপেনে নিজের প্রথম ম্যাচে পল হেনরি ম্যাথিউকে উড়িয়ে দিয়েছেন ৬-২, ৭-৬ (৫) গেমে। এদিকে, শিরোপাধারী রাফায়েল নাদাল অল্পের জন্য হার এড়িয়েছেন রাদেক স্তেপানেকের বিরুদ্ধে। অন্যদিকে, মহিলা এককের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন শিরোপাধারী মারিয়া শারাপোভাও।
গত এক যুগের মধ্যে সবচেয়ে বাজে বছরটিই কাটিয়েছেন ২০১৩ সালে। পুরো মৌসুমে মাত্র একটি শিরোপা জেতা ফেদেরার কথা দিয়েছিলেন এ বছরে ভক্তরা দেখতে পাবেন এক নতুন ফেদেরারকে। আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দারুণভাবেই এগিয়ে চলেছেন রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী এই তারকা। গত শনিবার রাতে চলতি মৌসুমে মাত্র দুটি হারের বিপরীতে নিজের পঞ্চদশ জয় তুলে নেয়ার দিনে ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি ম্যাথিউ। এগার বছর আগে প্রথম দেখার পর এ নিয়ে সপ্তমবারের মতো এই ফরাসিকে হারালেন ফেদেরার।
ইন্ডিয়ান ওয়েলস ওপেনে ৪৪তম জয়ের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টের চারবারের শিরোপাজয়ী ফেদেরার তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন দিমিত্র তারসানভের। দ্বিতীয় রাউন্ডে তারসানভ হারিয়েছেন ফ্রান্সের হুয়ান মোনাকোকে।
এদিকে শিরোপাধারী নাদাল আরেকটু হলেই পা ফসকাচ্ছিলেন স্তেপানের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে .... গেমে হারের পর র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাটি পিছিয়ে পড়েছিলেন দ্বিতীয় সেটেও। তবে গত বছরের ইনজুরি প্রত্যাবর্তনের মতোই দারুণ এক প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ম্যাচ জেতেন তিনিই। বাড়তি ঘাম ঝরানো এই জয়ের পর এই স্প্যানিয়ার্ড বলেন, ‘এটা সত্যি যে ৪০-০ ব্যবধানে একটি গেমে পিছিয়ে থাকার মানে হচ্ছে আমি হারের খুব কাছাকাছিই ছিলাম। আর হারলে বিদায় ছিল নিশ্চিত। তবে এই অবস্থায় আমি দারুণ দুটি গেম খেলেছি। সত্যিই কঠিন ছিল ম্যাচটি। তবে এটাও সত্যি আমি শেষ দিকে খুব ভাল খেলেছি। শ্রেয়তর হিসেবেই খেলায় জিতেছি আমি।’
টুর্নামেন্টের তিনবারের শিরোপাজয়ী নাদাল তৃতীয় রাউন্ডে খেলবেন আলেক্সান্দার দলগোপলভের বিরুদ্ধে।
প্রথম সেটে হেরেও শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছেড়েছেন পুরুষ এককের অন্যতম শীর্ষ বাছাই অ্যান্ডি মারেও। লুকাস রোসলকে এই ব্রিটিশ তারকা হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-২ গেমে।
অন্যদিকে, মহিলা এককের প্রথম রাউন্ডে নিজ নিজ খেলায় জয় পেয়েছেন শীর্ষ বাছাইদের সবাই। শারাপোভা মাত্র ৬৬ মিনিটের একপেশে এক ম্যাচে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন জুলিয়া জর্জেসকে। আত্মবিশ্বাসী এই শুরুর পর স্বাভাবিকভাবেই রাশিয়ান গ্ল্যামার কুইন ছিলেন দারুণ সন্তুষ্ট, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই দারুণ সন্তুষ্ট। আশা করছি, এই ফর্মটা ধরে রাখতে পারবো। সাধারণত, কোন টুর্নামেন্টে এসেই আমাদের কোর্টে নেমে পড়তে হয়। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমি সবসময় এখানে একটু আগে (টুর্নামেন্ট শুরুর) আসি। আজকের খেলায় আমি বাজে কিছু মিস করেছি। যেগুলো হয়তো মিস করাটা উচিত হয়নি। তবে সবমিলে আমি বলবো উত্তরণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ঠিকভাবেই করতে পেরেছি।’
সহজ জয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ী লি না এবং দুই সাবেক বিশ্বসেরা আনা ইভানোভিচ ও সভেত্লানা কুজনেতসোভাও।