আবারো কিপিংয়ে মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকেই উইকেটের পিছনে দেখা যায়নি মুশফিককে। এর মধ্যে চট্টগ্রাম টেস্টে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন শামসুর রহমান শুভ। বাকি নয়টি আন্তর্জাতিক ম্যাচের একটিতে মিথুন আলী ও বাকি আটটিতে উইকেটের পিছনে ছিলেন এনামুল হক বিজয়। তবে, আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবারো কিপিং গ্লাভসে নিয়মিত হওয়ার আভাস দিলেন মুশফিকুর রহিম। গতকাল রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমি আরেকটা স্ক্যান করেছি। চিকিত্সকরা বলেছিলেন, চার সপ্তাহ পরে কিপিং করতে পারবো। আমার ব্যথা একটু কম। কাল থেকে কিপিং শুরু করবো। আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কিপিং করতে পারবো।’ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাঁ হাতের আঙ্গুলে চোট পাওয়ার পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মুশফিক। পরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এশিয়া কাপে খেললেও উইকেটের পেছনে দাঁড়াননি তিনি। ঘাড়ের ব্যথায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই মাঠের বাইরে তামিম ইকবাল। সিঙ্গাপুর থেকে চিকিত্সা নিয়ে আসা এই উদ্বোধনী ব্যাটসম্যান অনেকটাই সুস্থ। পায়ের ব্যথার কারণে মাঝপথেই এশিয়া কাপ শেষ হয়ে যায় মাশরাফি বিন মুর্তজার। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় চোট পান অফস্পিনার সোহাগ গাজী। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারদের ফেরার ব্যাপারে আশাবাদী মুশফিক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করছি সবাই ফিট হবে। তামিম, মাশরাফি ভাই অনুশীলন করছে। গাজীরও সেলাই কাটা হয়েছে। আশা করি সেও কাল থেকে অনুশীলন শুরু করবে।’