‘প্রশাসনে উপ-সচিব থেকে সচিব পদে ২৬০৩ জন’
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:১১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক সংসদকে জানিয়েছেন, বর্তমানে জনপ্রশাসনে উপ-সচিব থেকে সচিব পদে মোট ২ হাজার ৬০৩ জন কর্মকর্তা রয়েছেন। এসব পদের ২৬৫ জন কর্মকর্তা বর্তমানে ওএসডি। আর উপ-সচিব থেকে সচিব পদের কর্মকর্তাদের মধ্যে মুসলমান ২ হাজার ২৯১, হিন্দু ২৯২, খ্রিস্টান ৬ এবং বৌদ্ধ ধর্মের রয়েছেন ১৪ জন। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
একই প্রশ্নের জবাবে ইসমাত আরা জানান, বর্তমানে প্রশাসনে সর্বাধিক সংখ্যক সচিব রয়েছেন বরিশাল জেলার, ৫ জন। আর ৪ জন করে সচিব রয়েছেন ঢাকা ও গাজীপুর জেলার। ৩ জন করে সচিব আছেন চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, নেত্রকোনা, বাগেরহাট ও সুনামগঞ্জ জেলার। গোপালগঞ্জ জেলার রয়েছেন ২ জন। সর্বাধিক সংখ্যক অতিরিক্ত সচিব রয়েছেন কুমিল্লা জেলার, ১৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক অতিরিক্ত সচিব রয়েছেন চট্টগ্রাম ও ঢাকা জেলার, ১৮ জন করে। আর ১১ জন করে অতিরিক্ত সচিব আছেন নোয়াখালী ও ময়মনসিংহ জেলার। যুগ্ম-সচিব পদে সবচেয়ে বেশি রয়েছেন কুমিল্লা জেলার, ৪৩ জন। আর উপ-সচিবের দিক থেকে শীর্ষে আছে চট্টগ্রাম জেলা, ৬১ জন। সব মিলিয়ে উপ-সচিব থেকে সচিব পদে কুমিল্লা ও চট্টগ্রাম জেলার কর্মকর্তাই বেশি।
মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, প্রশাসনে বর্তমানে ৬২ জন সচিব, ৩০৪ জন অতিরিক্ত সচিব, ৯২৭ জন যুগ্ম-সচিব এবং ১ হাজার ৩১০ জন উপ-সচিব রয়েছেন। আর ৩ জন সচিব, ৪৬ জন অতিরিক্ত সচিব, ১৩৯ জন যুগ্ম-সচিব ও ৭৭ জন উপ-সচিব ওএসডি। এছাড়া সচিবদের মধ্যে মুসলিম ৫৯ ও হিন্দু ৩; অতিরিক্ত সচিবদের মধ্যে মুসলিম ২৫৮, হিন্দু ৪০, খ্রিস্টান ২ ও বৌদ্ধ ধর্মের আছেন ৪ জন; যুগ্ম-সচিবদের ৮০১ জন মুসলিম, ১২১ জন হিন্দু, খ্রিস্টান ৩ ও বৌদ্ধ ২ জন। উপ-সচিবদের মধ্যে ১ হাজার ১১৭ জন মুসলিম, ১২৮ জন হিন্দু, ১ জন খ্রীস্টান ও ৮ জন বৌদ্ধ ধর্মের রয়েছেন।
রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের এনামুল হকের এক প্রশ্নের জবাবে ইসমাত আরা সংসদকে জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে বর্তমানে ২ লাখ ৭৫ হাজার ৯৬৪টি পদ শূন্য রয়েছে।