ফাহাদ অপরাজিত চ্যাম্পিয়ন

ওয়েব গ্লোবাল বিডি লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং চেস প্লেয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে ১ম ওয়েব গ্লোবাল বিডি লিঃ আন্তর্জাতিক র্যাপিড দাবায় দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার গোপালগঞ্জ চেস ক্লাবের ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ফাহাদ ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে শিরোপা পান। শনিবার সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ফাহাদ সপ্তম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরকে ও অষ্টম রাউন্ডে শরীফ হোসেনকে হারান এবং নবম রাউন্ডে সাইফুলের সাথে ড্র করেন। আট পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর রানারআপ হন। সাত পয়েন্ট করে নিয়ে তৃতীয় হতে নবম স্থান পেয়েছেন যথাক্রমে ফিদে মাস্টার জাবেদ, ফিদে মাস্টার রেজাউল হক, শরীফ হোসেন, সাইফুল ইসলাম চৌধুরী, রানা চৌধুরী, মোকসেদ খান ও আনিসুজ্জামান জুয়েল। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে দশম হতে দ্বাদশ স্থান পান যথাক্রমে তৌহিদুল ইসলাম শিলু, মোঃ আবু হানিফ ও মোঃ হাসান ইমাম। বিশেষ পুরস্কার পান আনরেটেডঃ জাহিদ হোসেন, অনূর্ধ্ব-১৬ নূর নেওয়াজ অয়ন এবং রেটিং ক্যাটাগরিতে আফজাল হোসেন সাচ্চু। গতকাল সন্ধ্যায় খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে পুরস্কার বিতরণ করেন ওয়েব গ্লোবাল বিডির চেয়্যারম্যান ইকবাল হোসেন। ব্যবস্থাপনা পরিচালক শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় খন্দকার কায়েস হাসান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুল ইসলাম চপল। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৫৬ জন দাবাড়ু ৯ রাউন্ডের সুইস লিগের খেলায় অংশগ্রহণ করেন।