ছুটছে অপ্রতিরোধ্য বায়ার্ন
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:৩১
বায়ার্ন মিউনিখের জয় ও গোলের বন্যা অব্যাহত আছে। শুরুতে পিছিয়ে পড়লেও গত শনিবার উল্ফসবার্গকে ৬-১ গোলে বিধ্বস্ত করে বুন্দেসলিগায় আরো এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন ও অপরাজিত থাকা বায়ার্ন মিউনিখ।
এই জয়ে বায়ার্ন ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের তুলনায় ২৩ পয়েন্টে এগিয়ে থাকলো। এবারের মৌসুমে টানা ১৬ এবং সব মিলিয়ে ২০১২ সালের অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো। লিগে এখনো তাদের ১০ খেলা বাকি। কিন্তু ইতোমধ্যেই ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের নিজেদের শিরোপা ধরে রাখা নিশ্চিত প্রায় হয়ে গেছে।
জার্মানির বুন্দেসলিগায় ২০০৯ সালের চ্যাম্পিয়ন উল্ফসবার্গের বিপক্ষে টানা ষষ্ঠ জয়ে বায়ার্নের এখন শিরোপা জয় কেবলই সময়ের ব্যাপার। এছাড়া জয়টি আগামী মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে বাড়তি অনুপ্রেরণা যোগাবে কোচ পেপ গার্দিওলার দলটিকে। ইতোমধ্যেই প্রথম লেগে ২-০ গোলে জিতে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
উল্ফসবার্গই খেলাটিতে ১৭ মিনিটে নালদোর গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল। কিন্তু বুন্দেসলিগায় রেকর্ড ২৪তম শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের খেলায় ফিরিয়ে আনতে খুব একটা সময় নেয়নি ব্যাভারিয়ানরা। ২৬ মিনিটে শাকিরির গোলে সমতা ফেরায় বায়ার্ন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হবার পরে দ্বিতীয়ার্ধ পুরোটাই জুড়ে ছিল বায়ার্ন স্ট্রাইকারদের সাফল্য। ৬৩ ও ৭৮ মিনিটে থমাস মুলারের দুই গোলের সাথে সাবেক উল্ফসবার্গ স্ট্রাইকার মারিও মানজুকিচ ৬৬ ও ৮০ মিনিটে যোগ করেন আরো দুটি। মাঝে ৭১ মিনিটে অবশ্য ফ্র্যাংক রিবেরি এক গোল দেন। ইনজুরির কারণে এক মাস মাঠের বাইরে থাকার পরে এদিনই মাঠে ফিরে গোল করেন রিবেরি। এই নিয়ে চলতি মৌসুমে ২০ খেলায় পেপ গার্দিওলার দল দ্বিতীয়ার্ধে পাঁচ গোল করলো। শীতকালীন ছুটির পরে পুনরায় শুরু হওয়া বুন্দেসলিগায় আট খেলায় বায়ার্নের গোলসংখ্যা এখন ৩০টি।
চলতি মৌসুমে সব মিলিয়ে ২৪ খেলায় বায়ার্ন গোল করেছে ৭২ বার। গড় হিসেবে প্রতি খেলায় তিন গোল। কোচ গার্দিওলা খেলা শেষে বলেন, ‘আমরা এই ধরনের আধিপত্য সামপ্রতিক ম্যাচগুলোতে খুব একটা দেখাতে পারিনি। উল্ফসবার্গ বেশ গোছানো এবং আগ্রাসী দল। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে তারা আমাদের বেশ অসুবিধার মধ্যে ফেলেছিল। কিন্তু দিনের শেষে আমরাই এগিয়ে ছিলাম।’ উল্ফসবার্গ কোচ দিয়েতার হেকিং বলেছেন, ‘আমি মনে করি ৬৫ মিনিট পর্যন্ত আমরা অসাধারণ খেলেছি। বায়ার্নকে অন্তত আমাদের ক্ষমতা বোঝাতে পেরেছি। কিন্তু তার পর পরই তারা ব্যবধান ৩-১ এ উন্নীত করে। আমার খেলোয়াড়রা হঠাত্ করেই বুঝতে পারে কতটা প্রভাবশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা আজ মাঠে নেমেছে।’ একই দিনে হ্যানোভারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বায়ার লিভারকুসেন ৪৪ পয়েন্ট নিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের তুলনায় এক পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে শালকে রয়েছে চতুর্থ স্থানে। শালকে ক্ল্যাস-হ্যান হানটেলারের হ্যাটট্রিকে হফেনহেইমের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে। গত দুই ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৬-১ গোলে এবং বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়া শালকের জন্য এই জয়টা খুব জরুরি ছিল। বাসস/এএফপি