আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজারে আলেখা বেগম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌর সভার দাইরাদী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলেখা ওই গ্রামের মফিজুলের স্ত্রী।

গোপালদী তদন্ত কেন্দ্রর ইনচার্জ এস আই নাসির উদ্দিন জানান, ২ বছর পূর্বে পার্শ্ববর্তী বিশনন্দী ইউনিয়নের টেটিয়া গ্রামের ইমান আলীর মেয়ে আলেখা বেগমের সঙ্গে দাইরাদী গ্রামের মফিজুলের বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তার শাশুড়ি তাকে প্রায়ই নির্যাতন করত।

ঘটনার দিন সকাল হয়ে গেলে গৃহবধূর ঘরের দরজা না খুললে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে  ঘরের ভিতরে সিলিংয়ের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে। এই অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

আড়াইহাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের আগে হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।  

খামারি সমাবেশ অনুষ্ঠিত

আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদীতে সি আইজি ও নন সিআইজি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছারের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা বিকাশ রায়ের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। সমাবেশে সি আইজি ও নন সিআইজি কৃষকরা অংশ নেন।