তারকা প্রার্থী নিয়ে সিপিএম-তৃণমূল বাগযুদ্ধ

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তালিকা হাতে নিয়েই সবাই দেখে রাজনীতিকদের পাত্তা নেই! তার পরিবর্তে সেখানে ঠাঁই করে নিয়েছেন চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। এই তারকা প্রার্থী নিয়ে তৃণমূল কংগ্রেসের ভেতেরই সৃষ্টি হয় দলীয় কোন্দল। তৃণমূল কংগ্রেসের ভেতরে শুধু নয়, দলটির তারকা প্রার্থী নিয়ে সিপিএমের সাথেও তুমূল বাকযুদ্ধ শুরু হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টা না কাটতেই বিবৃতি যুদ্ধে জড়ান পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন ও বিরোধী নেতারা। তৃণমূল কংগ্রেসে ত্যাগী নেতারা বলছেন তারা সারাবছর দলের জন্য কাজ করেও মনোনয়ন পেলেন না। অথচ তারকারা একদিনের জন্য দলের নাম না নিয়েই মনোনয়ন বাগিয়ে নিলেন। তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা। একদিকে যেমন দেব, মুনমুন সেন কিংবা সন্ধ্যা রায়ের মতো অভিনেতা-অভিনেত্রী, অন্যদিকে তেমনই রয়েছেন বাইচুং ভুটিয়া, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়রাও। সিপিএম এমপি শ্যামল চক্রবর্তীর কটাক্ষ, তৃণমূলের এই তালিকা দেখে বামরা নয়, চিন্তায় সাধারণ মানুষ। তারা ভেবেই পাচ্ছেন না তারকারা যেখানে একটি সিনেমা থেকেই কোটি কোটি টাকা উপার্জন করে নিজেদের পকেট ভারি করার কাজে ব্যস্ত থাকে; সেখানে ভোটে জিতে তারা সাধারণ মানুষের জন্য সময় দেবেন কিভাবে। তাদের ভাগ্যের উন্নয়ন করবেন কিভাবে। পাল্টা খোঁচা দিয়ে পরিবহন মন্ত্রী মদন মিত্রের মন্তব্য, সংস্কৃতি জগত্ নিয়ে তো এককালে বামরাই অহংকার করত। শ্যামল কটাক্ষ করে বলেন, বন্যেরা যেমন বনে সুন্দর, তেমন তারকারা সিনেমার পর্দাতেই সুন্দর।