নির্বাচন সুষ্ঠু হয়েছে, সরকারের সঙ্গে কাজ করে যাব

সফররত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। যারাই এদেশে জনগণের প্রতিনিধিত্ব করে ওআইসি সেই সরকারের সঙ্গে কাজ করে যাবে। চারদিনের সফরে আসা ওআইসি মহাসচিব গতকাল রবিবার সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাত্ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওআইসি মহাসচিব বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনকে আমরা স্বাগত জানাই। এখানে বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলব ও বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি নিয়ে আলোচনা করব। ওআইসি কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে জড়িত হয় না। বর্তমানে মুসলিম উম্মাহ এক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সেটি হল গোষ্ঠীগত দাঙ্গা। এটা মূলত সিয়া ও সূন্নী সম্প্রদায়ের মধ্যকার বিরোধ। এ ধরনের বিরোধে কেউ জয়ী হয় না, সবাই পরাজিত হয়। কারণ তারা সবাই মুসলমান। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধৈর্য, উন্নয়ন, বৈজ্ঞানিক জ্ঞান, উদারতার প্রতীক। চরমপন্থীদের দিয়ে ইসলামের হাইজ্যাক কখনো মেনে নেয়া হবে না। রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে ওআইসি মহাসচিব বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে হবে। পররাষ্ট্র সচিব শহীদুল হক রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। ওআইসি দ্রুত এই সমস্যার সমাধান চায়। মিয়ানমারের নাগরিকদের ফিরে যেতেই হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষে ওআইসি মহাসচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তি ও বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। শিক্ষা ও গবেষণায় ওআইসি আরো সহায়তা দেবে।