পোশাক শিল্পের কর্মপরিবেশ এখনো সন্তোষজনক নয়
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:৪৭
দেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ এখনো সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা। তিনি বলেন, কর্মপরিবেশ উন্নয়নে এ খাতে আরো পরিবর্তন প্রয়োজন। যদিও পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। তবে আরো অনেক কিছু করার বাকি বলেও মনে করেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রবিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লাইভস বিয়ন্ড মেশিন্স- এ রিফ্লেকশন অন প্রায়রিটিস ফর ওমেন ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার। কেয়ারের কান্ট্রি ডিরেক্টর জেমি টারজি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উইলিয়াম হানা বলেন, তাজরীন এবং রানা প্লাজা দুর্ঘটনার পর ইউরোপের জনসাধারণ বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। তারা এদেশের পোশাক খাতের কর্মপরিবেশ নিয়ে উদ্বিগ্ন। উইলিয়াম হানা বলেন, সমপ্রতি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে। তবে বেশিরভাগ কারখানায় এখনো এর পুরোপুরি বাস্তবায়ন হয়নি। পোশাক কারখানায় অব্যাহত মূল্যায়ন কার্যক্রমের জন্য কয়েকজন আইরিশ পরিদর্শক বাংলাদেশে এসেছেন বলেও জানান হানা। এ ছাড়া এ মাসেই ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে উল্লেখ করে উইলিয়াম হানা বলেন, তারাও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।
অনুষ্ঠানে পোশাকশ্রমিকদের উপর নির্মিত ‘হ্যান্ডস দ্যাট সিউ ইয়র শার্ট’ নামে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন পোশাকশ্রমিক সাবিনা।