বর্ধিত ফি প্রত্যাহারের দাবি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয় ঘেরাও
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২২:৪৮
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ সেশনে আদায়কৃত বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল রবিবার প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ছাত্রজোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এর আগে একই দাবিতে গত ২ ও ৩ মার্চ তারা ক্যাম্পাসে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী আন্দোলনকারীদের সাথে সাক্ষাত্ করে বলেছেন, ফি বাড়ানো হয়নি। শুধু নতুন খাত যুক্ত হওয়ায় অতিরিক্ত ফি আরোপ করা হয়েছে। ভবিষ্যতে নতুন খাত যুক্ত হলে ফি আরও বাড়বে। এ সময় আন্দোলনকারীরা শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি না মেনে নিলে আগামী ১৮ মার্চ ক্যাম্পাসে সংহতি সমাবেশ করার ঘোষণা দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন, ছাত্রফ্রন্ট বেরোবি শাখার সভাপতি আহসান হাবীব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের বেশিরভাগই কৃষক পরিবারের সন্তান। প্রতি বছর ফি বৃদ্ধি করা হলে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। প্রতিষ্ঠাকালে ঘোষণা ছিল এই বিশ্ববিদ্যালয়ে সকল ফি শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে থাকবে। কিন্তু গত ৫ বছরে ৫ হাজার টাকা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি সেশনে গত বছরের তুলনায় বেতন প্রতি ক্রেডিটে ৩৫ থেকে ৫০ টাকা বাড়ানো হয়। আন্দোলনের মুখে পুরাতন শিক্ষার্থীদের জন্য বাতিল করা হলেও নতুনদের জন্য তা বহাল আছে। এসময় বক্তারা অবিলম্বে আদায়কৃত বর্ধিত ফি ফেরত দেয়ার দাবি জানান।