খুলনায় কলেজ ছাত্রসহ দু’জনকে কুপিয়ে হত্যা

খুলনায় কলেজ ছাত্রসহ দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, কলেজ ছাত্র এমদাদুল হক শিপন (২৪) ও আশরাফুল ইসলাম (৪০)। গতকাল রবিবার পৃথক স্থান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা মহানগরীর খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের প্যাথলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র এমদাদুল হক শিপন নগরীর বয়রা নূরনগর এলাকায় মামার বাসায় থেকে লেখাপড়া করতেন। তার মামা গত বৃহস্পতিবার অফিস ছুটির পর গ্রামের বাড়িতে যান। শিপন একাই বাসায় ছিলেন। রবিবার সকালে অফিস পিয়ন কাম পাম্প অপারেটর আল-আমিন বাসায় গিয়ে তাকে ডাকাডাকি করে না পেয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। বাসায় প্রবেশের মূল দরজা খোলা থাকলেও শিপনের ঘর বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। দরজা খুলে তিনি দেখতে পান বিছানার ওপর শিপনের রক্তাক্ত লাশ পড়ে আছে। নিহত শিপন মাগুরা জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের মোক্তাদির হোসেনের ছেলে। অপরদিকে, শনিবার গভীর রাতে দিঘলিয়া উপজেলার বাগমারা গ্রামের গুরুপদ কর্মকারের ছেলে নও মুসলিম আশরাফুল ইসলাম ওরফে শিপন কর্মকারকে (৪০) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পার্শ্ববর্তী হামিদপুরের সিলিমপুরের একটি ধান ক্ষেত থেকে কালিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। সে বিদ্যুতের কাজ করতো। প্রায় এক বছর আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।[