বিএনপির ৫ নেতার জামিন আপিল বিভাগে বাতিল

হরতাল অবরোধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় বিএনপির ৫ নেতার জামিন আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এর আগে গত জানুয়ারি মাসে হাইকোর্ট রমনা ও শাহবাগ থানায় পুলিশের দায়েরকৃত একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম ও ছাত্রনেতা ওবায়দুল হক নাসিরকে জামিন দেয়। এই জামিন আদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল ওই আবেদনের ওপর রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মো. সোহরাওয়ারদী এবং বিএনপি নেতাদের পক্ষে এডভোকেট এজে মোহাম্মদ আলী ও এডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল করে দেয়। মো. সোহরাওয়ারদী বলেন, আপিল বিভাগ আমাদের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে দিয়েছে। সঙ্গে বেশ কিছু পর্যবেক্ষণও রয়েছে। সেগুলো পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে। এদিকে পৃথক মামলায় মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানকে ছয় সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন। গত ২৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের এক কর্মী নিহত হন। সেই ঘটনায় দায়েরকৃত পুলিশের মামলায় বিএনপি নেতারা হাইকোর্টে জামিন চান। ওই জামিন আবেদনের পক্ষে এডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে।