ইডেন কলেজের পিকনিক বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৪, ২৩:০৯
জেলার সাতকানিয়া উপজেলায় ঢাকার ইডেন কলেজের শিক্ষা সফরের পিকনিক বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইডেন কলেজের দর্শন বিভাগের ১৫ জন ছাত্রী ও শিক্ষক। উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যানের চালকের নাম নূরুল আবছার (২৫)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মৃত নূর আহমদের ছেলে। আহতদের স্থানীয় কেরানীহাট আশশেফা ক্লিনিকে চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুল কাদের বলেন, ঢাকা থেকে বান্দরবানমুখী ইডেন কলেজের একটি পিকনিক বাসের সাথে গতকাল সকালে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস এবং পিকআপ ভ্যান দুটি জব্দ করা হয়েছে।