গল্প নয় সত্যি

অন্যরকম ব্যাংক ডাকাতি

বাইরে দাঁড়িয়ে থাকা সশস্ত্র সহযোগী আর ব্যাংকে গ্রাহকদের হুড়োহুড়ির মাঝে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যাংক ডাকাত; রুপালি পর্দার এ ধরনের রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য যাদের চোখ সওয়া হয়ে গেছে আজ তাদের জন্যই ব্যতিক্রমী এক গল্প। গল্পের স্থান স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অবস্থিত ‘রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড’-এর একটি শাখা। আর গল্পের কেন্দ্রে উলের টুপি পড়া ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার এক যুবক। একটি ক্যাবে চড়ে ব্যাংকের সামনে হাজির হওয়ার পর ট্যাক্সি চালককে বাইরে অপেক্ষা করার কথা বলেই ভেতরে চলে যান তিনি। সাত-পাঁচ না ভেবে আর দশটা যাত্রীর মতো ট্যাক্সি চালকও অপেক্ষা করতে থাকেন তার জন্য। এরই মাঝে কয়েক মিনিট কেটে যায়। এবার হাতে টেসকো শপিং মলের একটি ব্যাগসহ ফের দেখা মেলে সেই যুবকের। বাড়তি কোনো বাক্য ব্যয় না? করেই তিনি শীতল কণ্ঠে ট্যাক্সি চালককে জানিয়ে দেন তার পরবর্তী গন্তব্যের কথা। কিন্তু ওই যুবককে তার নির্ধারিত স্থানে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই ট্যাক্সি চালককে ঘিরে ধরে স্কটিশ পুলিশ। অভিযোগ ব্যাংক ডাকাতের সহযোগী হিসেবে কাজ করা। পুলিশের সদস্যদের কাছ থেকে এমনতর অভিযোগ শুনে প্রথমটাতে বিষয়টাকে ভুল বোঝাবুঝি বলেই উড়িয়ে দিয়েছিলেন ওই ট্যাক্সি চালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উল্টো নিজের ভুলটা ধরতে পারেন তিনি। সেই সাথে এটাও পরিষ্কার হয়ে যায় যে, একটু আগে ‘রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড’-এর সামনে যে যুবকের জন্য তিনি অপেক্ষা করছিলেন তিনি আদতেও মামুলি কোনো গ্রাহক ছিলেন না। বরং ট্যাক্সিটিকে বাইরে অপেক্ষমান রেখে ব্যাংক লুট করতেই ভেতরে ঢুকেছিলেন তিনি। পুলিশের সাথে দীর্ঘ আলাপচারিতা আর জেরার পর নিজের অবস্থান পরিষ্কার করতে পারলেও আগামী বেশ কিছুদিন পুলিশী নজরদারির মাঝেই থাকতে হবে ঘটনাচক্রে ডাকাতির সাথে জড়িয়ে পড়া এই চালককে। এদিকে ঘটনার মূল নায়ক সেই যুবক, যে কি না কোনো ধরনের অস্ত্রের ব্যবহার ছাড়াই অভিনব পন্থায় কয়েক হাজার পাউন্ড ছিনিয়ে নেন তাকে এখনও খুঁজে পায়নি পুলিশ।