ভোমরা সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতরে অনুষ্ঠিত হয়েছে বিজিবি-বিএসএফ ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠক। ভারতীয় সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে জটিলতা নিরসনের লক্ষ্যে সোমবার দুপুরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত আইন ও চুক্তি যাতে কোনোভাবেই লংঘিত না হয় সে বিষয় নিয়েই আলোচনা হয় উক্ত বৈঠকে। এতে সীমান্ত জরিপ রিপোর্টের ওপরও গুরুত্বারোপ করা হয়। বৈঠকে দুই পক্ষই তাদের মতামত তুলে ধরেন। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাতক্ষীরাস্থ ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ। তাকে সহায়তা করেন আঞ্চলিক অপারেশন অফিসার লে. কর্নেল আনিসসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফএ’র ৪৭ ব্যাটেলিয়ন কম্যান্ডান্ট জেএস সাধু ও তার দশ সহযোগী কর্মকর্তা নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল।