মিরসরাইয়ে বন ধ্বংস করে মত্স্য প্রকল্প!

চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি বনাঞ্চল ধ্বংস করে মত্স্য প্রকল্প গড়ে তোলার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের উপকূলীয় এলাকায় এ প্রকল্পের পুকুর খননের কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইছাখালী উপকূলে বনবিভাগের আওতাধীন বনাঞ্চল ধ্বংস করে এসকেবেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। প্রায় ১৯ একর এলাকায় মত্স্য প্রকল্পের জন্য খননের কাজ এখন শেষের দিকে। এসময় এসকেবেটর চালক জানান, আমরা ভাড়ায় কাজ করছি। জায়গা ব্যক্তি মালিকানাধীন নাকি সরকারি সে বিষয়ে আমি কিছু জানি না। জানা গেছে, উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকার প্রভাবশালী শাহ আলম জোরপূর্বক সরকারি জায়গা দখল করে এই মত্স্য প্রকল্প গড়ে তুলছে। অভিযোগ রয়েছে স্থানীয় বন কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি বনের জমি খনন করছেন। এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম বলেন, আমি আরো সাত বছর পূর্বে বন বিভাগ থেকে এই জায়গা লিজ নিই। আমার কাছে লিজের কাগজপত্র রয়েছে। বন ধ্বংস করার বিষয়টি অস্বীকার করেন তিনি । এ বিষয়ে বামনসুন্দর বন বিভাগের বিট কর্মকর্তা মো. ইরফান উদ্দিন বলেন, ওই এলাকায় বন বিভাগের জায়গা দখল করে মত্স্য প্রকল্প করায় কয়েকটি প্রকল্প নিয়ে আমাদের সাথে মামলা চলছে। তবে বন ধ্বংস করে নতুন কোন প্রকল্প গড়ে তোলা হচ্ছে না। অনেকে পুরাতন প্রকল্পে এসকেবেটর দিয়ে সংস্কার করছে বলে জানান তিনি। তারপরও কারো বিরুদ্ধে যদি বন বিভাগের জায়গা দখল করে প্রকল্প করার অভিযোগ পাই তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইরফান উদ্দিন।