আরব আমিরাতে ভিসা সহজীকণের আহ্বান এফবিসিসিআইয়ের

বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধির ও ব্যবসায়িক ভিসা সজহীকরণের জন্য আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। গতকাল এফবিসিসিআইয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত শহীদ বিন হাজর আল শহী এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদের সঙ্গে সৌজন্য করলে এ আহবান জানানো হয়। এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, উপদেষ্টা মনজুর আহমেদ এবং এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য কাজী খুররম আহমেদ উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বাংলাদেশ থেকে অদক্ষ, আধা দক্ষ ও দক্ষ জনশক্তি, বাংলাদেশী ব্যবসায়ীদের ইউএই-এর ভিসা সহজকরণ ও উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধি বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত শহীদ বিন হাজর আল শহী বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুসর্ম্পক বৃদ্ধিতে যথেষ্ট আন্তরিক। এফবিসিসিআইয়ের দাবিসমূহের প্রতি আশ্বস্ত করে তিনি বলেন, ব্যবসায়িক ভিসা সহজীকরণ ও চট্টগ্রামে একটি লিয়াঁজো চালু করার বিষয়ে অতিদ্রুত পদক্ষেপ নিবেন। বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি আরব আমিরাতে প্রেরণের জন্যও এফবিসিসিআইকে উদ্যোগী হবার অনুরোধ জানান তিনি।