বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি গ্রামে গত সোমবার সন্ধ্যায় রতন মিয়া ওরফে ডাকু (২৭) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। রতন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে। গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
এলাকাবাসী জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রামচন্দ্রপুর সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সদস্য রতনের সঙ্গে বিএনপির সমর্থক ফুলবাড়ি ইউপি সদস্য ফজলু প্রামাণিকের দ্বন্দ্ব চলছিল।
রতনের চাচাতো ভাই বিপুল ইসলাম জানান, ঢাকার গাজিপুরে থাকে রতন। সে গ্রামের বাড়িতে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য এসেছিল। সোমবার মিজানুর নামে এক বন্ধু রতনকে বাজারে ডেকে নিয়ে যায়। এ সময় ইউপি সদস্য ফজলুর ছেলে রনি অতর্কিত হামলা চালায়। মুমূর্ষু অবস্থায় রতনকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লোকমান প্রামাণিক নামে একজনকে আটক করেছে।
সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) এনায়েতুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।