রাজারহাটে প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। রাজারহাট অফিসার্স ক্লাবে ৩ মার্চ উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের স্থান দেখিয়ে ইন্টারভিউ কার্ড ইস্যু করলেও পরীক্ষার দিন তা পরিবর্তন করে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সভাপতি ও প্রধান শিক্ষকদের পছন্দের ৪টি ভ্যানুতে ১৫টি স্কুলের নিয়োগ পরীক্ষা শুরু করে। সভাপতি প্রধান শিক্ষক সহকারী শিক্ষা অফিসারের পছন্দের প্রার্থীকে নিয়োগের পাঁয়তারা করলে এলাকাবাসী উত্তেজিত হয়ে নিয়োগ পরীক্ষা কেন্দ্রে আক্রমণ চালিয়ে ৯টি স্কুলের পরীক্ষা স্থগিত করে দেয়। বাকি ৬টি স্কুলের মধ্যে বোতলার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিমশর্মা প্রাথমিক বিদ্যালয় ও খিতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫ লক্ষ টাকার বিনিময়ে সহকারী শিক্ষা অফিসার আফজাল হোসেন ক্যাচমেন্ট এলাকার বাইরে পছন্দের প্রার্থীকে প্রথম করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন। অপর ৩টি স্কুলের মধ্যে চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুখদেব প্রাথমিক বিদ্যালয় ও সোনালুর কুঠি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহমেদ ১২ লক্ষ টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে প্রথম করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন। উপজেলা শিক্ষা অফিসার আফতারী পারভীনের কথা বললে তিনি বলেন, উত্তেজিত জনতার আক্রমণের কারণে ৯টি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি ৬টি বিদ্যালয়ের ২৭ লক্ষ টাকার নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করার কথা বললে তিনি বলেন, ঘুষ প্রমাণ হলে নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে।