অবৈধ টিন কিনে বিপাকে ব্যবসায়ী

চরফ্যাশন বাজার থানা রোডস্থ টিন ব্যবসায়ী ছানাউল্লাহ ট্রেডার্স অধিক মুনাফা লাভের আশায় অবৈধ উপায়ে অন্য জেলা থেকে টিন কিনে এনে গভীর রাতে গুদামে উঠালেও শেষ রক্ষা হয়নি। গত শনিবার অবৈধ উপায়ে কিনে আনা ৬০ টন ঢেউ টিন চরফ্যাশনস্থ কোম্পানির বৈধ পরিবেশক মেসার্স মামুন ট্রেডার্সকে কোম্পানির নির্ধারিত মূল্য বুঝিয়ে দিতে হয়েছে। জানাগেছে, কোম্পানির নিয়মনীতি উপেক্ষা করে পিএইচপি এ্যারাবিয়ান হর্স টিনের চরফ্যাশনস্থ পরিবেশক মেসার্স মামুন ট্রেডার্সকে ডিঙিয়ে ছানাউল্লাহ ট্রেডার্স অবৈধ উপায়ে নীলফামারী জেলার সৈয়দপুরস্থ দেশ ট্রেডিং নামের একটি দোকান থেকে ৬০ টন ঢেউ টিন ক্রয় করে এনে গত বৃহস্পতিবার গভীর রাতে দোকানে উঠায়। স্থানীয় পরিবেশক মামুন ট্রেডার্সের অভিযোগে শনিবার চরফ্যাশন থানার ওসি (ভারপ্রাপ্ত) সফিক রহমান চৌধুরীর অফিসে দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টির সমঝোতা হয়।