আক্কেলপুরে এক মঞ্চে প্রার্থীরা
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:৩১
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন ও আক্কেলপুর নাগরিক উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্থানীয় শহীদ ছমির মন্ডল স্মৃতি পার্কে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল আলিম মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর, কামরুজ্জামান কমল, অধ্যাপক মোঃ নুরুন্নবী, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক, রফিকুল ইসলাম চপল, আব্দুল ওয়াদুদ সিপার, রাশেদুর আলম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনা আক্তার আলতো, আছিয়া খানম সম্পা, রওশন আরা বুলবুলি। প্রার্থীরা আক্কেলপুর উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, কার্যকর, জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা তথা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাকে মাদকমুক্ত, বেকার সমস্যার সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, শিশুদের চিত্ত বিনোদনের ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারা।