উপজেলা নির্বাচনের টুকরো খবর
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:৩২
সাঁথিয়ায় পৌর মেয়রকে বহিষ্কার
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা \ পাবনা জেলার সাঁথিয়া উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম মিরাজকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গত শনিবার বেড়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর উপস্থিতিতে নিজ বাসায় উপজেলা আ’লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান দলের যুগ্ম আহ্বায়ক রবিউল করিম হিরু। দলের গুরুত্বপূর্ণ সংবাদটি নিরাপত্তার জন্য গোপন রাখা হয় বলেও তিনি জানান। পৌর মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। দশম জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে দলের বাইরে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পাকুন্দিয়ায় বিএনপির একক প্রার্থী
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত রবিবার কিশোরগঞ্জ জেলা বিএনপি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান খোকনকে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। ২ মার্চ চেয়ারম্যান পদে খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতা মনোনয়নপত্র দাখিল করেন। তফসিল অনুযায়ী ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৩ মার্চ প্রতীক বরাদ্দ ও ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনপুরায় আওয়ামী লীগ
প্রার্থীর গণসংযোগ
মনপুরা (ভোলা) সংবাদদাতা \ ২৩শে মার্চ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার প্রচারণায় গণসংযোগে নির্ঘুম রাত কাটাচ্ছে। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাচ্ছেন আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক এম.পি মরহুম জাফরউল্লাহ চৌধুরীরর সহধর্মিনী ও আ’লীগের যুগ্ম আহবায়ক মিসেস শেলিনা আক্তার চৌধুরী। সাধারণ মানুষের কাছে সাবেক এম.পি মরহুম জাফরউল্লাহ চৌধুরীর ব্যক্তিগত ইমেজ রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন নেতৃত্বে যুবলীগের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
নাঙ্গলকোটে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাছান বাছির ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রবিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাত্ করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাছিরের স্ত্রী রৌশনারা স্নিগ্ধাসহ দলীয় ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাছির প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ সময় আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী বাছিরের চাচা ও শ্বশুর সাবেক সংসদ সদস্য মরহুম জয়নাল আবেদীন ভূঁইয়ার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
নাঙ্গলকোটে ১৯ দলীয়
প্রার্থীদের গণসংযোগ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে ১৯দলীয় ঐক্যজোট সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ১৯দলীয় ঐক্য জোট নেতৃবৃন্দের ব্যাপক নির্বাচনী গণসংযোগ শনিবার উপজেলার ১২টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। হেসাখাল ইউপির দায়েমছাতি বাজার থেকে শুরু হয়ে আর্দ্রা ইউপির ভোলাইন বাজার, জোড্ডা ইউপির বাইয়ারা বাজার, দৌলখাঁড় ইউপির দৌলখাঁড় বাজার, বক্সগঞ্জ ইউপির বক্সগঞ্জ বাজার, সাতবাড়িয়া ইউপির সাতবাড়িয়া বাজার, ঢালুয়া ইউপির মন্নারা, ঢালুয়া সিএনজি স্ট্যান্ড, মৌকরা ইউপির সরকার বাজার মোড়, রায়কোট ইউপির তুলাতুলী ইলেকশান বাজার, মাহিনী বাজার, বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডা মাদ্রাসা মাঠ, কাদবা কাজী মার্কেট মোড়, পেড়িয়া ইউপির মগুয়া, পেড়িয়া বাজার হয়ে সর্বশেষ মক্রবপুর বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রামে চেয়ারম্যান প্রার্থীর
গাড়ি ও অফিস ভাঙচুর
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর গাড়ি ও অফিস ভাংচুর করা হয়েছে। এসময় ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার কাশিনগর ও মিয়াবাজারে এসব ঘটনা ঘটে। নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হুদা বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরীসহ নেতাকর্মীদের নিয়ে কাশিনগর এলাকায় গণসংযোগে যান।
কাঠালিয়ায় আওয়ামী লীগের
বিদ্রোহী বহিষ্কার
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ তরুণ সিকদারসহ ৪ নেতাকে বহিষ্কার ও একজনকে দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। রবিবার সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম কবির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ তরুণ সিকদার স্বঘোষিত প্রার্থী হওয়ায় এবং দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ তারেক হাওলাদার ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম ভদ্দর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ লিটন সিকদারকে বহিষ্কার করেন।
দুমকিতে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জনতা কলেজ মিলনায়তনে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা প্রশাসক জনাব অমিতাভ সরকার বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও নির্বাচন রিটার্নিং অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবির সহকারী রিটার্নিং অফিসার ও দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান ও ২১ জন প্রিজাইডিং অফিসার ১১৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ২৩০ জন পোলিং কর্মকর্তাসহ ও অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
গাইবান্ধায় আচরণবিধি লংঘনের
দায়ে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে রবিবার ভ্রাম্যমান আদালত দুই প্রার্থীর ৯ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এইচ.এম মাকফুরুল হাসান এই জরিমানা আদায় করেন। পুলিশ জানায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী শাহ সারোয়ার কবির (ঘোড়া) ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুর রহমান (তালা) এর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় পৃথক দু’টি মোটরসাইকেল র্যালী বের করে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
কচুয়ায় আওয়ামী লীগের একক প্রার্থী
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মো: সামছুল হক ভূইয়া এমপি ও সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে শাহজাহান শিশিরকে চেয়ারম্যান, এডভোকেট হেলাল উদ্দীনকে ভাইস চেয়ারম্যান ও সালমা শহীদকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন।
দিনাজপুরে আচরণবিধি লঙ্ঘনে
৬ প্রার্থীর জরিমানা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোষ্টার সাটানোর অভিযোগে দিনাজপুর সদর উপজেলার ৬ জন প্রার্থীকে অর্থ জরিমানা করা হয়েছে। রোববার দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ম্যাজিষ্ট্রেট এহতেসাম রেজা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদুল ইসলাম ও মোকাররম হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসমিন লুনা, শাহিন সুলতানা বিউটি ও আলহাজ্ব খালেদা পারভীনকে দোষী সাব্যস্ত করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আওয়ামী লীগের বর্ধিত সভা
বেড়া (পাবনা) সংবাদদাতা \ আসন্ন উপজেলা নির্বচন উপলক্ষে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলার সাধারণ সম্পাদক আঃ কাদেরের পক্ষে জনসমর্থন বাড়াতে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠীত হয়। শনিবার রাতে সংসদ সদস্য সামসুল হক টুকুর নিজ বাস ভবনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. সামসুল হক টুকু ও পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু উপজেলা সাধারণ সম্পাদক আওয়ামীলীগের সমর্থিত প্রর্থী আব্দুল কাদের পৌর আওয়ামীলীগ নেতা এস. এম মতিন, সহসভাপতি মতিউর রহমান মজনু, বেড়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবাক হাজ্বী আব্দুল বাতেন, সাবেক ছাত্র লীগের সভাপতি আঃ হালিম।
জীবননগরে প্রতীক বরাদ্দ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর উপজেলা নির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ৭ মার্চ প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের দিন প্রার্থীরা মাইকিংসহ পোষ্টার-লিফলেট বিতরণ শুরু করেছেন।
জমে উঠেছে উজিরপুর উপজেলা নির্বাচন
উজিরপুর সংবাদদাতা \ উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ মার্চ প্রার্থীরা প্রতীক প্রাপ্তির পরে মহাধুমধামের মধ্যদিয়ে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকল প্রার্থী রাতদিন ভোটারদের খুশী করার চেষ্টা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও ১৪দল মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য। তিনি রবিবার কাকডাকা ভোর থেকে বামরাইল ও শোলক ইউনিয়নের প্রতিটি গ্রামে, হাটে-বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন।
সেনবাগে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
সেনবাগ (নোয়াখালী) সংবাদাদাতা \ ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব কাজী মফিজুর রহমান এলাকায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতীক ‘‘হেলিকপ্টার’’। জেলা রিটানিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দের পর থেকে তিনি এলাকায় পুরোদমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমান প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও হাট-বাজারসহ মানুষের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন।
বান্দরবানে কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত বিএনপি
বান্দরবান প্রতিনিধি \ উপজেলা নির্বাচনকে ঘিরে বান্দরবানে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বিএনপির দুই প্রার্থীর সমর্থকরা। রোববার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মিঠুন’কে বহিস্কার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং’কে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ ফটোকপি করে বান্দরবানে বিতরণ করা হচ্ছে। বিএনপির যুগ্ম-মহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশ দুটিতে দু;ধরণের স্বাক্ষর দেখা গেছে।
নাঙ্গলকোটে চেয়ারম্যান প্রার্থীর পথসভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সামছুউদ্দিন কালু (আনারস) রবিবার উপজেলার দৌলখাঁড়, বেলঘর, বেলঘর ঘোষই বাজার, হেসাখাল ও দায়েমছাতি এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, আ’লীগ নেতা অধ্যক্ষ আবু ইউছুপ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আবদুর রহমান, আশিকুর রহমান চেয়ারম্যান, মাহফুজুর রহমান চেয়ারম্যান, বাবু জীবন কৃষ্ণ গোস্বামী, খাজা কালাম।