তুরাগে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:৩৭
রাজধানীর তুরাগ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে বেড়ী বাঁধের পুরাতন স্লুইচ গেটের পাশের নির্জন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। তার পরনে কালো ফুল প্যান্ট থাকলেও শরীরে কোনো জামা ছিল না।
তুরাগ থানার ওসি শেখ ফরিদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের কানে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। গুলিটি এক কানে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেছে। হত্যাকাণ্ডটি ২/১ দিন আগের। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।