সাকিব-তামিমে ভীত নয় আফগানরা!
শামীম হামিদ ও জাকির হোসেন লুলু, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:০৭
এশিয়া কাপে ‘পুচকে দল’ আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের মূল কারণ অবশ্যই আফগানিস্তানের শ্রেয়তর ক্রিকেট। তবে বাংলাদেশের পক্ষে একটা যুক্তি ছিল—এই ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই আফগানিস্তানের সঙ্গে আবার যখন বাংলাদেশ মুখোমুখি হবে, তখন অবশ্য দলে থাকবেন বাংলাদেশের সেরা এই দুই তারকা। কিন্তু এ নিয়ে খুব একটা ভাবিত নন আফগান ক্রিকেটাররা। গতকাল তেমনটাই অবশ্য বললেন চট্টগ্রামে অনুশীলন শুরু করা আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবী।
শুধু আফগানিস্তান নয়; রবিবার চট্টগ্রামে পা রেখে জিম্বাবুয়ে, হংকং ও নেদারল্যান্ড টি-২০ মিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। চট্টগ্রামের আর এক টেস্ট ভেন্যু এমএ আজিজ স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে সকাল ও বিকালে পালা করে দলগুলো নেটে নেমে পড়েছে।
গতকাল সোমবার আফগান অধিনায়ক নবী ও হংকংয়ের খেলোয়াড় ইরফান আহমেদ সংবাদ সম্মেলনও করেছেন এখানে। সংবাদ সম্মেলন করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক পিটার বোরেনও। চট্টগ্রাম ভেন্যুর মূল ম্যাচে হংকং দলের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ইরফান বলেন, ‘সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেটে যদিও বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে। তারপরও তারা সমীহ তৈরী করার মতো দল, আমরা সেভাবেই খেলবো।’
হংকং ও আফগানিস্তানের মধ্যে শক্তির পার্থক্য থাকতে পারে। কিন্তু দুই দলেরই প্রধান চ্যালেঞ্জ বাংলাদেশ। পরের রাউন্ডে যেতে হলে আরো একবার বাংলাদেশকে হারাতেই হবে আফগানিস্তানকে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয় বলে বলছেন নবী, ‘এশিয়া কাপের মত টি- ২০ বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে পজিটিভ খেলা খেলতে চাই। আমাদের দলে ৬-৭ জন খেলোয়াড় রয়েছেন যাদের ঢাকায় খেলার অভিজ্ঞতা রয়েছে।’
সাকিব-তামিমের প্রসঙ্গ তুলতেই রসিকতা করে তিনি বললেন, ‘ম্যাচের দিন কে কেমন খেলছে সেটাই বড় কথা। মানছি সাকিব, তামিম ভালো খেলোয়াড়। কিন্তু ওরাতো প্রথম বলেই আউট হয়ে যেতে পারে।’
এদিকে ডাচ অধিনায়ক পিটার বোরেন বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটা আমাদের জন্য একটা সুযোগ। কী পাবো এমন প্রশ্নের সবচেয়ে বড় উত্তর হলো টেস্ট খেলিয়ে দেশগুলোর সাথে আমরা খেলার সুযোগ পাচ্ছি, এটাই আমাদের জন্য বড় পাওয়া। তবে তার আগে গ্রুপ পর্যায়ের বাধাটা আমাদের অতিক্রম করতেই হবে।’
নেদারল্যান্ডসের খেলোয়াড় পিটার সিলারের আবার বাংলাদেশের খেলার বেশ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চাইলেন তিনি।