দুই কিংবদন্তীর সাক্ষাত্
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:০৯
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরের বাসভবনে গতকাল সাক্ষাত্ ঘটলো কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকর ও কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকারের। মূলত ঠাকরে নিজেই এ সাক্ষাতের আয়োজন করে। আর ‘ভারতরত্ন’ উপাধি পাওয়ার পর এটাই দুইজনের মধ্যে প্রথম সাক্ষাত্।
টেন্ডুলকার বলেন, আমি লতা দিদির একজন বড় ভক্ত। সব সময়ই আমি কাছ থেকে তার সঙ্গে কিছু মুহূর্ত চেয়ে আসছিলাম এবং আজ ঠাকরে এটা আয়োজন করে আমার ইচ্ছা পূরণ করলেন। শচিন বন্দনায় পিছিয়ে ছিলেন না লতাও। তিনি বলেন, ‘শচিন আমার প্রিয় ক্রিকেটার এবং সে অবসর গ্রহণের সময় সত্যিই আমি খুব কষ্ট পেয়েছি। তার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য খুব আনন্দের মুহূর্ত।’
মঙ্গেশকর এ সময় নিজ হাতে লেখা দুইটি গানের ফটো ফ্রেম উপহার দেন শচিনকে। আর বিনিময়ে তাকে পুরো ক্যারিয়ারে আশীর্বাদ ও সমর্থন যুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ হিসাবে মহান এ শিল্পীকে নিজের সই করা একটি জার্সি উপহার দেন শচিন।
ঠাকরে বলেন, ‘তারা দুইজনই আমার সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। আর আমার ইচ্ছা ছিল সেটা এমনভাবে করার। দুই মহান ভারতীয়কে বাসায় আতিথেয়তা দেয়াটা আমার জন্যও একটা সম্মানের ব্যাপার।’ -বাসস