তবু সতর্ক অ্যানচেলোত্তি

আগের রাতে বার্সেলোনা রিয়াল ভ্যালাদোলিদের কাছে হেরে যাওয়াতেই তৈরী হয়েছিল সুযোগটা। ক্রিশ্চিয়ানো রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহারই করলো রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করেছে তারা। তবে এই জয়ের পরও শিরোপা লড়াইয়ে নিজেদের খুব বেশী এগিয়ে রাখতে নারাজ রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি। বরং খেলোয়াড়দের মাঠের খেলায় আরো মনোযোগী হতে নির্দেশনা দিয়েছেন তিনি। ঘরে বাইরে সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল অপরাজিত গত ২৯ ম্যাচ ধরে। আর এই দারুণ ফর্মই খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি এনে দিতে পারে। অ্যানচেলোত্তি মনে করছেন, সেক্ষেত্রে বড় বিপদে পড়তে হতে পারে তার দলকে। এই ইতালিয়ান বলেন, ‘আমাদের খুব দ্রুতই পরবর্তী ম্যাচের দিকে মনোযোগী হতে হবে এবং চেষ্টা করতে হবে সেখানেও জেতার। লিগে আমরা ছয় পয়েন্ট পিছিয়ে ছিলাম আর এখন কিনা আমরাই শীর্ষে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একসাথে কয়েকটি ম্যাচের বিষয়ে না ভাবা। ম্যাচ ধরে ধরে এগোনোর কোন বিকল্প নেই। আমাদের লিগে জিততে হবে। কিভাবে জিতলাম সেটা গুরুত্বপূর্ণ নয়।’ এদিকে রিয়ালের চিকিত্সক দল আরেকটি খুশির খবর জানিয়েছে অ্যানচেলোত্তিকে। লেভান্তের বিরুদ্ধে পাওয়া রাফায়েল ভারানে এবং ড্যানিয়েল কারভাজালের চোট মোটেই গুরুতর নয়। অ্যানচেলোত্তি বলেন, ‘ভারানে ছোট একটি চোট পেয়েছে। আমার মনে হয় সেটা গুরুতর কিছু নয়। তার হাঁটুতে তেমন কোন সমস্যা হয়নি। সতর্কতার জন্যই তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছে। কারভাজালের চোটটিও গুরুতর নয়। কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে।’ এদিকে লেভান্তের বিরুদ্ধে রিয়ালের তিন গোলের একটি এসেছে রোনালদোর কাছ থেকে। এ মৌসুমে প্রথমবারের মতো গোল পেয়েছেন ডিফেন্ডার মার্সেলোও। অন্য গোলটি ছিল আত্মঘাতী গোল।