প্রাথমিক শিক্ষক নিয়োগে বাতিল পরীক্ষা ২৮ মার্চ
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:৩৬
১৭ জেলার বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাতিল হওয়া পরীক্ষা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লিখিত পরীক্ষা বাতিল হওয়া জেলাগুলো হলো- ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কক্সবাজার, লালমনিরহাট, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এ সব জেলায় নতুন করে পরীক্ষা নেয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রার্থীদের নামে নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগের প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশ নেয়া যাবে। এসএমএসের মাধ্যমে প্রার্থীরা পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে পারবে।
প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ পরীক্ষা বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।