সরকারের মদদে সুড়ঙ্গ কেটে রাষ্ট্রীয় অর্থ লুটপাট চলছে

সম্প্রতি সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের টাকা লুট হওয়া প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, এতদিন প্রকাশ্যে লুটপাটের পর এবার সরকারের মদদে সুড়ঙ্গ কেটে রাষ্ট্রীয় ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট করছে দুর্বৃত্তরা। আর এই দুর্বৃত্তদের লালন করছে খোদ সরকার। এছাড়া দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে স্থগিত কেন্দ্রগুলোর ভোটগ্রহণেও কেন্দ্র দখল এবং জালভোটের মহোত্সব চলছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব অভিযোগ করেন। বিএনপি মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন (ইসি) নিজেই সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। তারা নির্বাচনে অনিয়ম ঠেকাতে পুরোপুরি ব্যর্থ। সেনাবাহিনীসহ স্ট্রাইকিং ফোর্স কমিশনের অধীনে থাকা সত্ত্বেও সরকারি দলের লোকজন কীভাবে কেন্দ্র দখল করে জাল ভোট দেয়? তিনি অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে কুমিল্লার লাকসামসহ বিভিন্ন কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। প্রশাসনের সহায়তায় আওয়ামী ক্যাডাররা কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার মহোত্সব চালাচ্ছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। রিজভী বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন করে সরকার গোটা দেশকে বন্দিশালায় পরিণত করেছে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মজাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতার আগাম জামিন বাতিলের তীব্র নিন্দা জানান।