ভেজাল শিশুখাদ্য তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানা দুটি হলো রহমত ফুড প্রোডাক্টস ও ইউকো ফুড প্রোডাক্টস। বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দিয়ে জুস, ড্রিংকস ও শিশুখাদ্য তৈরির অপরাধে ওই ২টি কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত ঢাকার কেরানীগঞ্জে এ অভিযান চালায়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতকে সহায়তা করে র্যাব-১০ এর একটি দল ও বিএসটিআই এর কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কেরানীগঞ্জের ভেজাল জুস, ড্রিংকস ও বিভিন্ন ধরনের শিশুখাদ্য তৈরির দুটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে জুস, ডিংকস ও শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে রহমত ফুড প্রোডাক্টসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে একই অপরাধ করায় ইউকো ফুড প্রোডাক্টসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।