কীর্তনখোলায় নিমজ্জিত কার্গো উদ্ধার করা যায়নি
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:৪১
গত রবিবার রাতে ঢাকাগামী যাত্রীবাহী সুন্দরবন-৭ লঞ্চের ধাক্কায় নিমজ্জিত কার্গো কর্নফুলী-৫ উদ্ধারে কোনো পদক্ষেপ নিতে পারছে না বিআইডব্লিউটিএ। কার্গোর ১১ জন স্টাফকে উদ্ধার করা হলেও কারিগরি অসুবিধার কারণে কার্গোটি গতকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক মেরামত শেষে ক্ষতিগ্রস্ত লঞ্চটি গতকাল সোমবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মো. আবুল বাশার মজমুদার জানান, আপাতত ডাগবোর্ডের মাধ্যমে কার্গোটিতে বয়া লাগানো হয়েছে, যাতে করে অন্যান্য নৌযান ঐ চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেলে চলাচল করতে পারে। তিনি জানান, ৯শ’ মেট্রিকটন পণ্যসহ নিমজ্জিত কার্গোটির ওজন এখন প্রায় ১৫শ’ মেট্রিকটন। কিন্তু সংস্থার উদ্ধারকারী জাহাজ রুস্তুম ও হামজার ভারোত্তোলন ক্ষমতা মাত্র ১২০ টন। এই অবস্থায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রবিবার রাতে সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে কীর্তনখোলা নদীর চরমোনাই এলাকায় লঞ্চটির সঙ্গে সংঘর্ষে কার্গোটি নিমজ্জিত হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।