শ্রমিক মারধরের প্রতিবাদে আশুগঞ্জ নৌবন্দরে ধর্মঘট
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:৪২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রমিককে মারধরের প্রতিবাদে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে বন্দরে আটকা পড়েছে ২ শতাধিক কার্গো জাহাজ। আটকা পড়া মালবাহী জাহাজ থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উত্পাদিত জরুরি কাঁচামাল খালাস করতে না পারায় ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে পড়েছে নদীবন্দরের কার্যক্রম। তবে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানান, গত রবিবার রাতে কার্গো জাহাজ এমভি আব্দুল¬াহর মালিক জুয়েল মিয়া একই জাহাজের মাস্টার জসিম উদ্দিনকে মারধর করেন। এনিয়ে জাহাজ মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার সকাল থেকে নৌযান ফেডারেশনের শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করে। তবে জাহাজের মালিক জুয়েল মিয়া জানান, মাস্টার জসিম উদ্দিন জাহাজের মাল চুরি করে বিক্রি করায় তাকে থাপ্পড় দেয়া হয়েছে। নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাস্টার জানান, এঘটনার বিচার না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।