সুহাসিনী উপমা
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:১৯
ফারজানা মেহেমুদ উপমা। জন্ম খুলনার সোনাডাঙ্গায় ১৯৮৮ সালের ২৯ জুলাই। বাবা ঠিকাদার আলতাফ মেহেমুদ এবং মা রোকসানা আক্তার। খুলনার মেয়ে উপমা। কাজ করেছেন ২০টিরও বেশি একক, বেশ কয়েকটি ধারাবাহিক, বিজ্ঞাপনচিত্র এবং কিছু মিউজিক্যাল ফিল্মে। তবে তার শুরুটা হয় কায়সার আহমেদের হাত ধরে ‘অহংকার’ নাটকের মধ্যদিয়ে। যেখানে নিপা চরিত্রটি সবসময় তার বড়বোন তানিয়ার সাথে খুনসুটিতে লেগে থাকতেন। ধারাবাহিকটিতে দুর্দান্ত অভিনয়ের কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সুহাসিনীকে। কাজ করেছেন ফয়সাল রাজীবের ‘তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি’ এবং ‘সবুজ ওড়না’ নাটকে। যেখানে তার বিপরীতে ছিলেন সুমন পাটোয়ারি এবং শাহাদাত। তবে তিনি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন রাজিউল ইসলাম রাজুর পরিচালনায় চ্যানেল আইয়ের ‘একটি পরকীয়া প্রেমের কাহিনী’ নাটকটিকে। কিছুদিন আগে ফিরলেন ওপার বাংলা থেকে ‘নদী দিক হারা’ নামক একটি ধারাবাহিকের কাজ শেষ করে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নাটকের জনপ্রিয় অভিনেতা অরিন্দম চৌধুরী এবং ধ্রুব হালদার।
ছোটবেলা থেকেই ফ্যাশন সচেতন উপমার মিডিয়াতে কাজ করার বিষয়টা একেবারেই কাকতালীয়। ছোটবেলা থেকে খুলনায় মানুষ হওয়া এই প্রতিভা পাইওনিয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন আজম খান কমার্স কলেজে। বর্তমানে সেখানে মার্কেটিংয়ে শেষবর্ষে পড়ছেন। তবে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ভবিষ্যতে পরিচালকের খাতায় নাম লেখাতে চান হালের এই সম্ভাবনা। ক্যারিয়ারে এতদূর আসার পেছনে সহ-অভিনেতা আর পরিচালকদের অবদানকেই অনেক বড় মনে করেন উপমা। আর সুযোগ হলে কাজ করতে চান রবীন্দ্রনাথের যেকোনো চরিত্রে।