মারিয়ান ল্যান্ডমাইন ডিভাইস উদ্ভাবক
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:২১
মারিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ে। ১৮ বছর বয়সি এই কিশোরী একজন বিজ্ঞানী এবং যুদ্ধবিরোধী কর্মী। ব্রান মাউর কলেজে ভূতত্ত্ব ও পদার্থবিদ্যা অধ্যয়নরত মেয়েটি প্রযুক্তিকে শুধুমাত্র ভালো কাজে ব্যবহারের উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছেন। মারিয়ান ল্যান্ডমাইন সনাক্ত করার একটি সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য ডিভাইস আবিষ্কার করেছেন। ডিভাইসটি শব্দ তরঙ্গের সাহায্যে বিস্ফোরকদ্রব্যের উপস্থিতি খুঁজে বের করে। পিয়ানোবাদক মারিয়ান পিয়ানো বাজানোর সময়ই তার এই আবিষ্কারের ধারণা পান। পিয়ানোর তারের কম্পন পাশে রাখা একটি ব্যাঞ্জোকেও কম্পিত করছে দেখে সর্বপ্রথম ডিভাইসটি তৈরির চিন্তা মাথায় আসে তার। এই আবিষ্কার তাকে বিশ্বের জনপ্রিয় সাইন্স ম্যাগাজিন ‘টপ ১০ হাইস্কুল ইনভেন্টর অব ২০১২’ এ স্থান করে দিয়েছে। তিনি ইন্টেল ট্যালেন্ট সার্চে ২০১২ সালের ফাইনালিস্ট। মারিয়ান বলেন, আমার বাবার প্রকল্প থেকে আমি এই কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। তিনি খনি খোঁজার জন্য রাডার ডিভাইস তৈরির সাথে জড়িত। আমি এই দলের বিজ্ঞানীদের সাথে আমার ধারণা নিয়ে কথা বলেছি। আমি তাদের সাহায্য ছাড়া আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। এক সাক্ষাত্কারে মারিয়ানাকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে নারীদের কম উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, যারা এই কথা বলে, আমি তাদের বলবো- হ্যাঁ আমরা সংখ্যালঘু। আমার স্কুলে শেষবর্ষে আমার বিভাগে দুই হাজার ৪০০ শিক্ষার্থীর মধ্যে আমি একমাত্র নারী ছিলাম! আমাকে অনেক চাপ সহ্য করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি আমার মতো করে এগিয়ে গেছি। এই ধরনের পরিস্থিতে আপনাকে আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হতে হবে। কারণ মানুষ হিসাবে সবাই স্বতন্ত্র সত্ত্বার অধিকারী।