ক্যা ম্পাসের টুকরো খবর
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
২০১১ এবং ২০১২ সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৮ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— শেখ মো: মাহমুদুল ইসলাম, তানজিন তাহের তমা, মিফতাহুল জান্নাত রাস্না, মো: জাহিদুল ইসলাম, মেহরিন বিনতে তারিক, শান্তা বিশ্বাস, ইফফাত আনজুম ও আসমা এনায়েত। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করার জন্য ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় বিভিন্ন অনুষদের ডিন এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
আব্দুস সালাম সাগর ও মোফাজ্জল হোসেন মায়া
মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ সাহিত্য কর্ণার। ২০১১ সালের জানুয়ারী মাসে ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং তখনকার প্রধান গ্রন্থাগারিক মো. আবদুর রশীদ মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। পরে বিষয়টি তত্কালীন উপাচার্যকে অবহিত করলে তার আন্তরিকতায় মুক্তিযুদ্ধ সাহিত্য কর্নার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। তখন উপযুক্ত স্থান হিসেবে কেন্দ্রীয় লাইব্রেরীর নিচতলার দক্ষিণ পূর্বকোণের ২ হাজার বর্গফিট আকারের একটি কক্ষকে নির্বাচন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের আন্তরিকতায় এবং লাইব্রেরীর কর্মচারীদের কঠোর পরিশ্রমে অল্প কিছুদিনের মধ্যে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিপাটি করে গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধ সাহিত্য কর্নারটি।
লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ
ক্যাম্পাস প্রতিবেদক
চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে লিমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ ঢাকা। কুইজ প্রতিযোগিতার প্রশ্ন এবং বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে (www.lcbsdhaka.com) পাওয়া যাবে। অর্থনীতির বিশ্বমান উপযোগিতা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এটি স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক বিভিন্ন স্বল্প মেয়াদী প্রশিক্ষণ এবং এসিসিএ, সিআইএমএ, সিআইএম, সিআইপিএফএ-এর মত দীর্ঘমেয়াদি প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সহযোগী এবং বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।