‘বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্ব কাঁপাবে’

ছোট নাম গ্রে। পুরো নাম ডেবোরাহ গ্রে। পেশায় একজন শিক্ষক। পড়াচ্ছেন সুদূর আমেরিকাতে। সেখানকার বিখ্যাত মিশিগান ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের প্রফেসর হয়ে পাঠদান করছেন শিক্ষার্থীদের। ভীষণ জনপ্রিয়। সম্প্রতি চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির আমন্ত্রণে বাংলাদেশ সফর করলেন খ্যাতনামা এই শিক্ষক। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময় কাটিয়ে দারুণ আনন্দিত গ্রে। এক আড্ডায় তিনি জানালেন বাংলাদেশ নিয়ে তার আশাবাদের কথা। তুলে ধরলেন এখানকার ছেলে মেয়েদের সাফল্যের চিত্রও। বললেন, ‘ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনেক ছেলে মেয়ে পড়ছে। তাদের সঙ্গে টানা ৬ দিন সময় কাটিয়েছি। এই সময় তাদের ভেতর নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা দেখেছি। আগামী ১০ বছর বাংলাদেশের ছেলে মেয়েরা বিশ্ব কাঁপাবে। যেভাবে ওরা তরতর করে বেড়ে উঠছে তাতে মনে হয় আকাশটাই না ছুঁয়ে ফেলে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর ছেলে মেয়ে বিদেশে যায়। বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে। আমি মনে করি দেশের জন্যই তাদের ফিরে আসা উচিত। প্রিয় মানুষ, প্রিয় মাতৃভূমির জন্য কাজ করার চেয়ে আনন্দের আর কিছু নেই। উচ্চ শিক্ষা নিয়ে দেশে ফিরে বাংলাদেশকে তুলে ধরা দরকার।’ প্রফেসর ড. ডেবোরাহ গ্রে তারুণ্যের মাঝে হারিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘২০ বছর থেকে ৩০ বছর। চমত্কার একটা সময়। মনে হয় বিশ্বটাই পকেটে ঢুকিয়ে ফেলি। প্রচুর পড়াশোনা করতে হবে। গবেষণায় মনোযোগ দিতে হবে। জ্ঞান অর্জনের বিকল্প নেই।’ প্রফেসর ড. ডেবোরাহ গ্রেকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘উনি একজন বড় মাপের স্কলার। ছেলে মেয়েরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছে। আগামীতেও আবার আমাদের ইউনিভার্সিটিতে আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।’ সাঈদ আল নোমান আরো জানান, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. দেবোরাহ গ্রে লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। সেন্ট্রাল মিশিগান ছাড়াও শিক্ষকতা করেছেন সেখানকার ফেরিস স্টেট ইউনিভার্সিটিতে। তার অভিজ্ঞতার ঝুলিতে জমা রয়েছে ২০ বছরের মার্কেটিং কনসালটিং ও জার্নাল প্রকাশের কাজ। এই সময় তিনি একাধারে যুক্ত ছিলেন সোশাল নেটওয়ার্কিং, ডিজাইন, মার্কেটিং প্লেনসহ অন্তত ১০টি সেক্টরে।