যুক্তরাষ্ট্রে অর্ধশত টর্ণেডোর আঘাত

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে অন্তত অর্ধশত টর্ণেডো আঘাত হেনেছে। এতে ওকলাহোমা ও টেক্সাস রাজ্যে বন্যা দেখা দিয়েছে। ঝড়ে অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। হাজার হাজার মানুষ বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতভর এই ঝড় আঘাত হানে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার সকালেই উদ্ধারকাজ শুরু হয়। যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্টর্ম প্রেডিকশন সেন্টার টেক্সাস এবং ওকলাহোমায় কড়া সতর্কতা জারি করেছে। টেক্সাসের পাডুকাহ এবং ওকলাহোমার লিয়েচ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে তুলসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আঘাত হানে ঝড়। এখানে ক্ষয়ক্ষতি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে এর আশেপাশে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গাছ উপড়ে পড়েছে। বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। কোথাও কোথাও খুব বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে। ঝড়ের গতি বেড়েছে। সেটি পশ্চিম টেক্সাস থেকে মিসৌরির দিকে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।