সুনামি ঘটনায় নিহতদের স্মরণে জাপান সম্রাটের শ্রদ্ধার্ঘ্য

জাপানে ঘটে যাওয়া ভয়ংকর ভূমিকম্প ও সুনামির ঘটনার তিন বছর পূর্ণ করলো দেশটি। গতকাল মঙ্গলবার সুনামি কবলিত ঐ এলাকাগুলোর বিভিন্ন ছোট-বড় শহর ও রাজধানী টোকিওতে সরণানুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১১ সালের ১১ মার্চ সুনামির ঘটনায় দেশটিতে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। এ ঘটনায় ১৮ হাজার মানুষ সমুদ্রের পানিতে ভেসে যায়, ভেঙ্গে পড়ে উপকূলীয় অবকাঠামো এবং পারমাণবিক বিপর্যয় দেখা যায়। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ঢেউ আঘাত হানলে রিএ্যাক্টর গলে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে দেশটিতে পারমাণবিক সংকটের সৃষ্টি হয়। যার ফলে আজ পারমাণবিক শক্তির বিষয়ে নতুন করে চিন্তা করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে দিনটি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান দেশটির সম্রাট আকিহিতো ও রাণী মিশিকো। বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার ২টা ৪৬ মিনিটে সুনামি এলার্ম বাজিয়েছেন। এ সময়েই ৯ মাত্রার ঐ ভূমিকম্পটি সাগরতলে আঘাত হেনেছিল। ফুকুশিমার ঘটনায় ১,৬৫০ জন হতাশা ও অন্যান্য সমস্যার কারণে মারা যায়। সুনামিতে মোট ১৫,৮৮৪ জন মারা যায় বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়।