এসিড ছুঁড়ে হত্যা চেষ্টার দায়ে স্ত্রীসহ ৩জনের যাবজ্জীবন

পরকীয়া প্রেমের কারণে স্বামীকে এসিড ছুঁড়ে হত্যার চেষ্টার মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি স্ত্রী দিনা (২৬), প্রেমিক ওমর ফারুক (৩০) ও তার সহযোগী পালন ঘোষ (৩৫) আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ৩ জুলাই দিবাগত রাত ১২টার পর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সায়েরগাছা এলাকার লালন উদ্দিন তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে দ্বিতীয় স্ত্রী দিনা অপর দুইজনের সহায়তায় স্বামী লালন উদ্দিনের ওপর এসিড ছুঁড়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন।