আমুয়া লঞ্চ ঘাটের পন্টুন সাত দিনেও উদ্ধার হয়নি
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২১:২২
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর লঞ্চঘাটের পন্টুনটি ৭ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৭ দিন আগে পন্টুনটির তলদেশ ছিদ্র হয়ে ভিতরে পানি ডুকে হলতা নদীতে ডুবে যায়। ফলে চরম দুর্ভোগ পড়েছে দক্ষিণাঞ্চলের এ গুরুত্বপূর্ণ বন্দর হয়ে বিভিন্ন স্থানে যাওয়া সাধারণ মানুষ, যাত্রী, বৃদ্ধ, নারী-শিশু ও ব্যবসায়ীরা। ডুবন্ত পন্টুনটি নদীর দিকে ঝুঁকে থাকায় কোন লঞ্চঘাট দিতে পারছে না। বন্দরের বিভিন্ন স্থানে, নদীর চরে লঞ্চ থামিয়ে কাদা-পানির মধ্যে যাত্রী ওঠা-নামা করছে। আমুয়া বন্দরের ব্যবসায়ী সোহরাব হোসেন, দেবনাথসহ অনেকেই জানান, আমরা বাইর থেকে মালামাল নিয়ে পন্টুন না থাকায় বিপাকে আছি। নদীর মাঝে লঞ্চ থেকে নৌকায় মালামাল নামাতে-উঠাতে একদিকে যেমনি কষ্টসাধ্য ব্যাপার তেমনি সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। পন্টুন লস্কর মোঃ ছগির তালুকদার জানান, পন্টুনটিতে ছিদ্র থাকায় পানিতে তলিয়ে গেছে। তাত্ক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।