বোরহানউদ্দিনে পোল্ট্রি
খামারে হামলা ও লুটপাট
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২১:২৩
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের হাওলাদার বাড়িতে জমি-জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন অর্ধ শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে, মুরগির খামারে হামলা করে লুটপাট চালায়। ৫ দিন আগের ওই ঘটনায় থানায় সাধারণ ডায়রি করায় পোল্ট্রি খামারের মালিক কামরুল ইসলাম হাওলাদারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আসামিদের আটক করতে গেলে স্থানীয় প্রভাবশালী নেতারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করবেন বলে কালক্ষেপণ করতে থাকে। অপর একটি গ্রুপ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এমন কি পুলিশ তদন্তে গেলে পুলিশের সামনেই কামরুলকে হুমকি-ধমকি দেয় নজরুল ও তার দলবল। বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন, সেকেন্ড অফিসার মাইনুল হোসেন গাছ কাটার ঘটনা সত্য বলে জানান।
কামরুল ইসলাম জানান, তাদের পরিবারের অপরাপর সদস্যরা ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করায় তিনি বাড়িতে থেকেই স্থানীয় কলেজে লেখা-পড়ার পাশাপাশি পোল্ট্রি ব্যবসা করছেন। কামরুল ইসলামরা আদালতে একটি বাটোয়ারা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ওঠে নজরুল গংরা। এদিকে বর্তমানে নির্বাচত উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহব্বত জান চৌধুরী জানান, তিনি বিষয়টি শুনেছেন। এদিকে নজরুল ইসলাম হাওলাদার সাংবাদিকদের জানান, এমন ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নন।