ভাঙ্গায় বিএনপি’র একক আওয়ামী লীগের একাধিক প্রার্থী
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২১:২৫
আগামী ১৫ মার্চ ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা নির্বাচনের দিন ঘনিয়ে আসায় সাথে সাথে প্রার্থীদের প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি গ্রাম-পাড়া-মহল্লা। অফিসপাড়া, চায়ের দোকানে, বাজার কিংবা ঘরে সর্বত্রই চলছে ভোটের চুলচেরা বিশ্লেষণ। ভোটারের সাথে কথা বলে জানা যায়, এবারের নির্বাচন লড়াই হবে হড্ডাহাড্ডি। ভোটযুদ্ধে বিএনপির একক ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় লড়াই হবে খুবই কাছাকাছি।
নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় সমর্থিত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। সম্প্রতি নির্বাচন উপলক্ষে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ভাঙ্গায় এসে খন্দকার সেলিমের পক্ষে সব নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান করায় বেগবান হয়েছে নেতা-কর্মীরা।
অন্যদিকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিপূর্বে দশম জাতীয় সংসদ নির্বাচনে দুইভাগে বিভক্ত হয়ে যাওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে প্রার্থীকে।
অপরদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও বর্তমান ফরিদপুর-৪ আসনের এমপি মজিবর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত প্রার্থী শাহাদাত্ হোসেন আনারস প্রতীক নিয়ে দৌড়ে বেশ অবস্থানে রয়েছেন বলে ভোটারদের দাবি। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এই নেতা ও তার সমমনাদের সাথে নিয়ে কাজী জাফরউল্লাহকে পরাজিত করে। সেই থেকে ভাঙ্গায় আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত রয়েছে। এদিকে কমিউনিস্ট পার্টি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গলে ঘোড়া প্রতীক নিয়ে পুনরায় জয়ী হবার আশায় মাঠে রয়েছেন। হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তার রয়েছে একটি বিশেষ ভোট ব্যাংক। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন মাঠে। এর মধ্যে ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো:সরোয়ার হোসাইন (টিউবওয়েল ) , আওয়ামী লীগের সমর্থিত মো: জাহাঙ্গীর হোসেন (চশমা ), কিবরিয়া বিশ্বাস ( টিয়া পাখি ) , মিয়ান মো: আকরাম হোসেন (উড়োজাহাজ )ও মাস্টার দেলোয়ার হোসেন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট সমর্থিত জাসাস নেত্রী চিত্র নায়িকা শাহরিয়া হোসেন শায়লা ( ফুটবল ) , আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার মায়া ( হাঁস) , মনোয়ারা ভূঁইয়া পপি( পদ্ম ফুল ) ,সালমা বেগম(কলস ) ও আফরোজা আলম (ফ্যান )।