আইনজীবীকে হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মৌন মিছিল

সিলেটে মলম পার্টির বিষ প্রয়োগে নিহত জেলার আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম শিপন হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের দাবিতে মুন্সীগঞ্জে মৌন মিছিল এবং প্রতিবাদ সভা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির ব্যানারে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণ থেকে গতকাল সকালে আইনজীবীরা মৌন মিছিল বের করেন। মিছিলটি আদালত সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা ঘুরে আইনজীবী সমিতির ভবন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম নাসিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাসুদ আলম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, এপিপি এডভোকেট নাসিমা আক্তার প্রমুখ। গত ২৮ ফেব্রুয়ারি রাতে শিপন বাসে মলম পার্টির খপ্পরে পড়েন। পরদিন সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে আঞ্জুমান মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে তার হদিস মিললে আত্মীয়-স্বজনরা রবিবার সিলেট গিয়ে কবর থেকে লাশ উত্তোলনের পদক্ষেপ নেন। গত সোমবার লাশ কবর থেকে উত্তোলন করে মুন্সীগঞ্জে নিয়ে আসা হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।