‘জীবন যখন যেমন’ জীবন দর্শনের প্রতিচ্ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ রচিত ‘জীবন যখন যেমন’ বইটিতে জীবন দর্শন ফুটে উঠেছে। বইটির প্রকাশনা উপলক্ষে গতকাল কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ফেয়ার পাবলিকেশন প্রকাশিত বইটিতে ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশিত লেখকের নিবন্ধনগুলো নিয়ে সংকলন আকারে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হক বলেন, মুক্তিযুদ্ধে লাখো আত্মত্যাগীর অবদানের ফলেই আজ আমাদের এই অবস্থান। খোন্দকার ইব্রাহিম খালেদ সেই অবদানের বিষয়গুলো বইয়ের প্রথমেই প্রাণবন্ত ভাষায় উপস্থাপন করেছেন। ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বইটিকে লেখকের জীবনের লেখা শ্রেষ্ঠ বই বলে অভিহিত করেন। অধ্যাপক ড. রওশন আরা ফিরোজ বলেন, সত্যাশ্রয়ী লেখনিই প্রমাণ করে বইটি একটি উঁচুমানের সাহিত্য। সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান বলেন, বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ‘মরমী চিন্তা’। এছাড়া ছড়াকার আলম তালুকদার, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহ-সভাপতি দিল মনোয়ার মনু, মেলার উপদেষ্টা সদস্য মো. বদরুল আলম, বইটির প্রকাশক মোহাম্মদ ফারুক হোসেন আলোচনায় অংশগ্রহণ করেন। সবশেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বইটির লেখক খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বই মানুষের একমাত্র বন্ধু যে কখনও শত্রুতা করে না। আজ থেকে অনেক বছর পরে হয়তো মানুষ এই দিনটিকে ভুলে যাবে কিন্তু বইটি ডায়রির মতো তার বন্ধু হয়ে থাকবে। সবশেষে কচি-কাঁচার মেলার ভাইবোনদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।