ছিনতাইকারীর ককটেলে পুলিশসহ আহত পাঁচ

রাজধানীর চকবাজারে ছিনতাইকারীর সঙ্গে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ ৫ জন। মঙ্গলবার ভোর ৫টার দিকে ইসলামবাগ জমিদার বাড়ি গলিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চকবাজার থানার কনস্টেবল সাইদুর রহমান, সন্দেহভাজন ছিনতাইকারী খোকন এবং তিন পথচারী সেন্টু, সানি ও মিন্টু। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আজিমপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নাসির আহত হয়েছেন। চকবাজার থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, ভোরে ইসলামবাগ জমিদার বাড়ি গলিতে কয়েকজন যুবক অবস্থান করছিল। সন্দেহ হওয়ায় তাদের চ্যালেঞ্জ করলে কয়েকজন পালিয়ে যায়। এসময় খোকনকে পুলিশ জাপটে ধরলে তার সঙ্গে থাকা ককটেলটি শরীরের মধ্যেই বিস্ফোরিত হয়। এতে সন্দেহজনক ছিনতাইকারী খোকন, পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এবং তিন পথচারী আহত হয়। ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত: অন্যদিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় আজিমপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নাসির নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ইডেন মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নাসির ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন। নাসিরের বন্ধু মোহাম্মদ আলী হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরে ফুটপাতের দোকানের স্থানীয় লাইনম্যান সেলিম, সোহেল বিল্লালসহ ১০/১২ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে নাসিরকে খুঁজতে থাকে। তিনি দোকানের সামনে আসা মাত্র তাকে মারধর শুরু করে সন্ত্রাসীরা। একপর্যায়ে পেটে ছুরিকাঘাত করা হয়। ইস্কাটনে ব্যবসায়ী গুলিবিদ্ধ: এদিকে নিউ ইস্কাটন রোডের চেয়ারম্যান গলিতে মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলী নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, ঐ ব্যবসায়ীর পূর্ব পরিচিতরা দুইটি মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।